প্রতিবন্ধী নারীদের শৌচাগারই পঙ্গু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরে প্রতিবন্ধী নারীদের জন্য ২০১৩ সালে তৈরি করা শৌচাগার (বঁায়ে)। বর্তমান িচত্র ডানে
জাতীয় জাদুঘরে প্রতিবন্ধী নারীদের জন্য ২০১৩ সালে তৈরি করা শৌচাগার (বঁায়ে)। বর্তমান িচত্র ডানে

শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরে প্রতিবন্ধী নারীদের ব্যবহারের জন্য একটি শৌচাগার তৈরি করা হয়েছিল। নির্মাণের চার বছরের মধ্যে একে আয়তনে ছোট করে ফেলা হয়েছে। এখন সংস্কারের নামে ভেতরের অতি প্রয়োজনীয় সব হাতলও সরিয়ে ফেলা হয়েছে।

এর আগে খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তন কমপ্লেক্সে হুইলচেয়ার ব্যবহারকারী প্রতিবন্ধী নারীদের জন্য প্রবেশগম্য শৌচাগারটিকেও স্টোররুম বা গুদাম বানিয়ে তালা দিয়ে রেখেছিল কর্তৃপক্ষ। ৭ ডিসেম্বর প্রথম আলোয় এ নিয়ে খবর প্রকাশ হলে কর্তৃপক্ষ তা ঠিক করার প্রতিশ্রুতি দেন।

হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য সাধারণত তুলনামূলক বড় শৌচাগার বানাতে হয়। আর প্রতিবন্ধীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই পাশে ধরার জন্য হাতল থাকে। মেঝে থাকে হুইলচেয়ার চলাচলের উপযোগী।

এসব কিছু মেনেই ২০১৩ সালে জাতীয় জাদুঘরে প্রতিবন্ধীবান্ধব শৌচাগারটি নির্মাণ করা হয়। ওই বছরের মার্চ মাসে জাদুঘরে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্য র‍্যাম্প ও শৌচাগার একসঙ্গে উদ্বোধন করেন সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) জাদুঘর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন লেগে থেকে এ শৌচাগারটি করাতে সক্ষম হন বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক সালমা মাহবুব। তিনি প্রথম আলোকে বলেন, চার বছর আগে বানানো শৌচাগারটি এখন সংস্কার করার কোনো প্রয়োজন ছিল না। আর সংস্কার করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতলগুলোই ভেঙে ফেলতে হবে? এখন প্রতিবন্ধী নারীদের পক্ষে শৌচাগারটি আর ব্যবহার করার কোনো উপায় থাকল না। শৌচাগারটিকেই পঙ্গু করে দেওয়া হলো।

সালমা মাহবুব বলেন, ‘গত রোববার গিয়ে দেখি শৌচাগারটি তালাবদ্ধ। বাইরে প্রতিবন্ধী নারীদের জন্য লাগানো নির্দেশনা চিহ্ন ঠিকই আছে।’ তিনি আরও বলেন, এর আগে শৌচাগারটি ভেঙে ছোট করা হয়েছে। বদল করা হয়েছে টাইলসও। তবে এখনো যে আয়তন আছে, তাতেও হুইলচেয়ার নিয়ে ঢোকা যাচ্ছে। সালমা মাহবুব দুঃখ করে বলেন, ‘আমরা গিয়ে বিষয়টি নিয়ে কথা বলার পর বুঝলাম, জাদুঘর কর্তৃপক্ষের অনেকে জানেনই না সেখানে প্রতিবন্ধী নারীদের জন্য একটি শৌচাগার আছে।’

বি-স্ক্যান সূত্রে জানা গেছে, এ সংগঠন থেকে সরকারি স্থাপনায় প্রতিবন্ধী নারীদের জন্য শৌচাগার নির্মাণের উদ্যোগ এটিই প্রথম ছিল। বি-স্ক্যানের প্রতিনিধিরা রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রালের সহযোগিতায় ২০১০ সালে জাতীয় জাদুঘরের তখনকার মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাসের সঙ্গে প্রথম দেখা করেন। তাঁরা তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বুয়েটের শিক্ষকেরা এক সপ্তাহের মধ্যে সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ব্যবহার উপযোগী আন্তর্জাতিক মানের একটি পূর্ণাঙ্গ নকশা তৈরি করে দেন। কিন্তু বুয়েটের নকশাটি শেষ পর্যন্ত জাদুঘর কর্তৃপক্ষ গ্রহণ করেনি। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্কিওলজি বিভাগকে দিয়ে নতুন নকশা তৈরির প্রক্রিয়া শুরু করে, যা ২০১১ সালে অনুমোদন পায়। কিন্তু কাজের কোনো অগ্রগতি না দেখে বি-স্ক্যান ২০১২ সালে একটি জাতীয় দৈনিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদের উদ্দেশে একটি খোলা চিঠি লেখেন। তারপর কয়েক দফা জাদুঘর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর ২০১৩ সালের জানুয়ারি মাসে শৌচাগারটি আলোর মুখ দেখে।

জানতে চাইলে জাতীয় জাদুঘরের বর্তমান মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী টেলিফোনে প্রথম আলোকে বলেন, জাদুঘরের সব শৌচাগারের সংস্কার চলছে। তার অংশ হিসেবে এটা হয়েছে। প্রতিবন্ধী নারীদের প্রবেশগম্য শৌচাগারটি আগামী এক মাসের মধ্যে আবার ব্যবহার উপযোগী করা হবে।