চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মতলব ডিগ্রি কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী আড়াই ফুট উচ্চতার জান্নাত আক্তারের (১৭) পরীক্ষাকেন্দ্রে আসা-যাওয়ার খরচ হিসেবে তাকে ১০ হাজার টাকার অর্থ সহায়তা দেওয়া হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম তাঁর কার্যালয়ে ওই পরীক্ষার্থীকে ডেকে উপজেলা প্রশাসনের শিক্ষা ট্রাস্ট থেকে এ টাকা দেন। জান্নাত মতলব রয়মনেন নেছা মহিলা কলেজ কেন্দ্রে মানবিক বিভাগ থেকে মায়ের কোলে বসেই পরীক্ষা দিচ্ছে। তার মা নাজমা বেগম উপজেলার লেজাকান্দি গ্রাম থেকে তাকে কোলে করে পরীক্ষাকেন্দ্রে নিয়ে আসেন। ইউএনও বলেন, শারীরিক প্রতিবন্ধকতা ও অভাব জয় করে মেয়েটি যেভাবে মায়ের কোলে চড়ে পরীক্ষা দিচ্ছে তা বিরল। গত ৭ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘মায়ের কোলে আলোর পথে’ শিরোনামে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।