প্রতিবন্ধী ব্যক্তিদের অনিবন্ধিত সিম বন্ধ না করার নির্দেশ
প্রতিবন্ধী ব্যক্তিদের মোবাইল সিম পুনঃ নিবন্ধন করার নির্ধারিত সময়ের পরেও তা বন্ধ না করার নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
আজ শনিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ (পিএনএসপি) এবং অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) উদ্যোগে আয়োজিত ‘প্রতিবন্ধী মানুষের বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ( বিটিআরসি) কর্মকর্তাদের এই নির্দেশ দেন প্রতিমন্ত্রী ।
সভায় প্রতিমন্ত্রী বলেন, সমাজসেবা অধিদপ্তর ও জাতীয় পরিচয়পত্র প্রকল্পে নিবন্ধিত প্রতিবন্ধী ব্যক্তি ও পিএনএসপি প্রদত্ত প্রতিবন্ধী মানুষদের মধ্যে যাদের সিম এখনো নিবন্ধিত হয়নি তাদের সিম বন্ধ করা হবে না।
প্রতিমন্ত্রী মোবাইল অপারেটরদের নির্দেশ দিয়ে বলেন, প্রতিটি কাস্টমার কেয়ার সেন্টারে প্রতি শনিবার প্রতিবন্ধী ব্যক্তিদের সিম নিবন্ধনের জন্য দুজন ব্যক্তি উপস্থিত থাকবেন।
সভায় জানানো হয়, অপরাধ নিয়ন্ত্রণে বায়োমেট্রিক পদ্ধতির সিম নিবন্ধন প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিরা বেশ কিছু জটিলতার সম্মুখীন হন। বিশেষত যাদের হাত/কবজি/আঙুল নেই তাদের পক্ষে বায়োমেট্রিক পদ্ধতির সিম নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নেওয়া সম্ভব হচ্ছিল না। বিজ্ঞপ্তি