বানু আক্তার স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারেন না। জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। দুই হাত না থাকলেও পা চলতে থাকে। সুনিপুণ দক্ষতায় পা দিয়ে তিনি তৈরি করেন পোশাক।রাজধানীর মতিঝিলে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন কার্যালয়ে গতকাল শনিবার দিনব্যাপী মেলায় প্রদর্শিত হয় বানু আক্তারসহ প্রতিবন্ধীদের তৈরি পোশাক। বেসরকারি সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে পোশাক তৈরি করা বানু আক্তার জানান, একসময় পরিবার থেকেও তাঁকে অবহেলা সহ্য করতে হয়েছে। এ ধরনের মেলা প্রতিবন্ধী ব্যক্তিদের উৎসাহিত করবে বলে মত প্রকাশ করেন তিনি।প্রদর্শনী ছাড়াও ‘অর্থনীতির মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্তকরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলায় পাঁচটি স্টলে প্রায় ৭০০ প্রতিবন্ধীর জীবনবৃত্তান্ত ছিল। এঁদের মধ্যে ১১ জন আইসিটি ইঞ্জিনিয়ারিংয়ে এবং ৩৪ জন ব্যবসায় ব্যবস্থাপনায় স্নাতক। এ ছাড়া এইচএসসিতে ১৭৬ জনসহ বিভিন্ন য্যোগ্যতাসম্পন্ন কর্মজীবীর জীবনবৃত্তান্ত ছিল।অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থানসচিব মিকাইল শিপার বলেন, সব সরকারি প্রতিষ্ঠানে ১০ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানের জন্য কোটা চালু করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের কাজ করার পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব সরকারি ও বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানকে নিতে হবে বলে মত দেন তিনি।প্রথম আলো জবসের প্রধান কার্যনির্বাহী হুমায়রা শারমিন বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের জন্য নতুন সুযোগ সৃষ্টি করার উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়েবসাইটের জব ক্যাটাগরিতে প্রতিবন্ধীদের জীবনবৃত্তান্ত থাকবে, কোনো অর্থ ছাড়াই নিয়োগকারীরা এসব জীবনবৃত্তান্ত থেকে প্রার্থী বাছাই করতে পারবেন।’অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি মো. ফজলুল হক, জাতীয় প্রতিবন্ধী ফোরামের মোশারফ হোসেন ভূঁইয়া, আন্তর্জাতিক শ্রম সংস্থার একটি প্রকল্পের উপদেষ্টা শ্রীনিবাস রেড্ডী, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি মো. রজব আলী খান, এলসিডি বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আনিসুজ্জামান, একসেস বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মহুয়া পাল, ভিপসের সভাপতি মোশারফ হোসেন মজুমদার প্রমুখ।অনুষ্ঠানটি আয়োজন করে যৌথভাবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, জাতীয় প্রতিবন্ধী ফোরাম, প্রথম আলো জবস, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন, বিভিআইপিএস এবং এলসিডি বাংলাদেশ।