প্রতিবন্ধী ব্যক্তিদের চাহিদার তুলনায় বাজেট অপ্রতুল
২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের মোট বরাদ্দের মাত্র ২ দশমিক ৭ শতাংশ প্রতিবন্ধিতা খাতে (ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক) দেওয়া হয়েছে, যা মোট বাজেটের ০ দশমিক ৩৭ শতাংশ । এ বরাদ্দ প্রতিবন্ধী ব্যক্তিদের চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে করোনার প্রভাবের কোনো প্রতিফলন এ বাজেটে পরিলক্ষিত হয়নি।
‘জাতীয় বাজেট ২০২১-২২: প্রতিবন্ধী ব্যক্তিদের অবস্থান’ শীর্ষক বাজেট–পরবর্তী ভার্চুয়াল প্রতিক্রিয়া সভার আলোচকেরা এসব কথা বলেছেন। তাঁরা বলেছেন, করোনায় কর্মহীন হয়ে পড়া প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানের ব্যাপারে বাজেটে স্পষ্ট করে কিছু বলা হয়নি। মাসিক ৭৫০ টাকা ভাতা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য খুবই কম।
গতকাল রোববার যৌথভাবে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন, ডিজঅ্যাবিলিটি অ্যালায়েন্স অন এসডিজিএস বাংলাদেশ, গণতান্ত্রিক বাজেট আন্দোলন, মানুষের জন্য ফাউন্ডেশন, ডিজঅ্যাবিলিটি রাইটস ফান্ড, এনজিডিও, ভিপস, এসডিএসএল, পিসিপিএফ, ডিসিএফ, এনসিডিডাব্লিউ, সীতাকুণ্ড ফেডারেশন, টার্নিং পয়েন্ট ও ডাব্লিউডিডিএফ এ সভার আয়োজন করে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা। তিনি ২০২১-২২ অর্থবছরের বাজেটে অসচ্ছ্বল প্রতিবন্ধী ব্যক্তি ভাতাভোগীর সংখ্যা ২ লাখ ৮ হাজার বৃদ্ধি এবং এর জন্য ২০০ কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়ায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান। সভায় ডিজঅ্যাবিলিটি অ্যালায়েন্স অন এসডিজিএস বাংলাদেশের পক্ষে খন্দকার জহুরুল আলম স্বাগত বক্তব্য দেন।
সভায় আলবার্ট মোল্লা বলেন, এ বছরের বাজেট একটি গতানুগতিক বাজেট। প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে নতুন কোনো প্রকল্প নেওয়া হয়নি। প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট বরাদ্দ সমাজকল্যাণ মন্ত্রণালয় কেন্দ্রিক, অথচ অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ধারণায় মন্ত্রণালয়ভিত্তিক বাজেট বরাদ্দ প্রয়োজন ছিল। প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ বাজেটে প্রতিফলিত হয়নি। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারবিষয়ক জাতিসংঘ সনদ ও প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন–২০১৩ এর মতো শক্তিশালী আইনি কাঠামো থাকলেও উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন ও অধিকারের বিষয়টির সুনির্দিষ্ট রূপরেখা তৈরি হয়নি।