প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব জাতীয় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে করণীয়
গত ২০ এপ্রিল ২০১৭, প্রথম আলোর আয়োজনে ‘প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব জাতীয় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো।

আলোচনা
আব্দুল কাইয়ুম: প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তাদের স্বাস্থ্যসেবা নেওয়ার সময় বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়। এ কারণে প্রতিবন্ধী ব্যক্তিরা সহজভাবে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন না। তাই জাতীয় স্বাস্থ্যসেবা প্রতিবন্ধীবান্ধব হওয়া একান্ত প্রয়োজন। সরকার প্রতিবন্ধীবান্ধব।
প্রতিবন্ধী মানুষদের জন্য করণীয়গুলো অনেক ক্ষেত্রে বাস্তবায়নে কিছু সমস্যা রয়েছে। আলোচনায় এসব বিষয় আসবে। এখন আলোচনা করবেন এ এইচ এম এনায়েত হোসেন।

এ এইচ এম এনায়েত হোসেন: প্রধানমন্ত্রীসহ বর্তমান সরকারের সংশ্লিষ্ট সব খাত প্রতিবন্ধী মানুষদের ব্যাপারে খুবই আন্তরিক ও সংবেদনশীল।
২০১০ সালে আমরা ১০ হাজার শিশুর চোখের ছানি অপসারণ করে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছি। এখন জরিপ করে দেখেছি যে ছানিজনিত সমস্যা অনেক কমে গেছে। কমিউনিটি ক্লিনিকের অবকাঠামোসহ সুযোগ-সুবিধার অনেক পরিবর্তন হয়েছে। এটা নিয়ে আমরা গর্ব করি। এ ক্লিনিক বিশ্বের একটি মডেল।
ভবিষ্যতে এর অবকাঠামো ও সেবার মান অনেক উন্নত হবে। গ্রামের সাধারণ মানুষ ভালো সেবা পাবে বলে আশা করি। কমিউনিটির প্রতিবন্ধী মানুষদের কমিউনিটিতে সেবার বিষয়টি আলোচনায় এসেছে। এর জন্য কোনো পরিকল্পনা আমাকে দিলে সেটা প্রয়োগের চেষ্টা করব।
দেশের অনেকগুলো হাসপাতালে আমরা এমন একটা ব্যবস্থা চালু করেছি, যেখানে প্রতিবন্ধী মানুষেরা অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবে। তবে সব কটি হাসপাতালে এ সুযোগ নেই। প্রতিবন্ধী মানুষদের জন্য কার্যকর উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছি। আগামী বাজেটে বিষয়টি উপস্থাপন করব। আপনাদের যদি বিশেষ কোনো মতামত থাকে, সেটা আমাদের কাছে জমা দিতে পারেন।
এসব বিষয় প্রস্তাবের মধ্যে নিয়ে আসব। প্রতিবন্ধী মানুষেরা যেন রেফারেল সিস্টেমের মধ্যে আসে, সে ব্যবস্থা করছি। তাদের সঙ্গে কীভাবে আচরণ করবেন, এ বিষয়েও সেবাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। হাসপাতালগুলোর টয়লেট যেন প্রতিবন্ধীবান্ধব হয়, সে ব্যাপারে কাজ করছি। উপজেলা পর্যায়ের হাসপাতালেও র্যা ম্প রাখার উদ্যোগ নিয়েছি। নতুন হাসপাতালগুলোতে র্যা ম্প বাধ্যতামূলক।
সাইন ল্যাঙ্গুয়েজের ব্যাপারে নোমান ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। এ ব্যাপারেও কাজ হবে। আমাদের পক্ষে প্রতিবন্ধী মানুষদের জন্য যা কিছু করা সম্ভব, তার সবকিছু করার চেষ্টা করব।

আনিকা রহমান লিপি: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১১ সালের হিসাব মতে, বিশ্বে মোট জনসংখ্যার ১৫ দশমিক ৬ শতাংশ প্রতিবন্ধী মানুষ। এ হিসাবে বাংলাদেশের প্রায় আড়াই কোটি মানুষ প্রতিবন্ধী। ১৯৯০ সালে প্রতিবন্ধী মানুষদের জন্য একটা ফাউন্ডেশন গঠন করা হয়েছে। ২০০১ সালের পর এটা কার্যকর হয়েছে।
জাতিসংঘের প্রতিবন্ধী সনদের ২০০৮ সালে আমরা অনুস্বাক্ষর করেছি। প্রতিবন্ধিতা বিষয়ে এখন কর্মপরিকল্পনার কাজ চলছে। বর্তমান সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ছাড়াও স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় ও তাদের পরিকল্পনায় প্রতিবন্ধিতা বিষয়টি অন্তর্ভুক্ত করেছে। বর্তমান সরকার এদের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে ভাবছে।
শারীরিক, শ্রবণ, বুদ্ধি, দৃষ্টি, অটিজম বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষ আমাদের সমাজে আছে। এদের প্রত্যেকের আবার ভিন্ন ধরনের সমস্যা রয়েছে।
দেশের হাসপাতালগুলোতে এদের কারোরই প্রায় চিকিৎসার সুযোগ নেই। একমাত্র ‘নিটোর’ ছাড়া বাংলাদেশে আর কোনো বিশেষায়িত পুনর্বাসনকেন্দ্র নেই। বেসরকারিভাবে কিছু আছে। কিন্তু এটা এত ব্যয়বহুল যে প্রতিবন্ধী মানুষদের পক্ষে এর খরচ বহন করা সম্ভব নয়।
প্রতিবন্ধী মানুষদের ব্যবহারের সহায়ক উপকরণ অত্যন্ত সীমিত। আবার প্রতিবন্ধী মানুষদের জন্য যে হুইলচেয়ার দেওয়া হয়, সেটা তার জন্য উপযোগী নয়। কয়েক ধরনের প্রতিবন্ধিতা প্রতিরোধযোগ্য। কিন্তু প্রতিবন্ধিতা প্রতিরোধে কোনো ধরনের জাতীয় প্রচারাভিযান নেই।
দুঃখের বিষয় হলো, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য গৃহীত স্বাস্থ্য বিষয়ে পরিকল্পনায় কোনো উদ্দেশ্য বা সূচক অন্তর্ভুক্ত করা হয়নি। বিশালসংখ্যক প্রতিবন্ধী মানুষকে বাদ দিয়ে কি এই উদ্দেশ্য বা সূচক অর্জন করতে পারবে?
আমরা মানিকগঞ্জ ও সিরাজগঞ্জ সরকারি হাসপাতালে পরীক্ষামূলকভাবে দুটি পুনর্বাসন সেবাকেন্দ্র পরিচালনা করছি। সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা দিতে পাের, এমন জনবল কাজ করছে।
এ পর্যন্ত ২ হাজার ৩৭৬ জন মানুষ পুনর্বাসন সেবা নিয়েছে। এদের মধ্যে ৫৯ ভাগ হলো প্রতিবন্ধী মানুষ।
সরকারি হাসপাতালগুলোতে যেন এই ধরনের ইউনিট কাজ করে, এর জন্য একটা সিদ্ধান্তে আসতে হবে। এর জন্য বাজেট লাগবে। জনবল লাগবে। সরকার এ জন্য উদ্যোগ গ্রহণ করবে বলে আশা করি।

মো. ইমরান আলী: আমাদের সমাজে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী রয়েছে। তারা অনেক ক্ষেত্রে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। মানিকগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবার ব্যবস্থা রয়েছে। এখানে ফিজিওথেরাপিস্ট আছেন। বিভিন্ন ধরনের থেরাপি এখানে দেওয়া হয়। অনেক দূর থেকে এ হাসপাতালে রোগীরা আসে।
আমরা রোগীদের হাসপাতালমুখী করার উদ্যোগ গ্রহণ করি। বড় সমস্যা হলো, আমরা এখনো সমন্বিত চিকিৎসাব্যবস্থা তৈরি করতে পারিনি। যেকোনো ধরনের প্রতিবন্ধী যে এক ছাতার নিচে থেকে সেবা পাবে, সে ব্যবস্থা আমাদের নেই। বাংলাদেশের কোথাও এ ব্যবস্থা নেই। সরকারি-বেসরকারি পর্যায় থেকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া প্রয়োজন। তা না হলে এ িবষয়ে দ্রুত অগ্রগতি হবে না।

নাজমুল বারী: প্রতিবন্ধী ব্যক্তিরা কীভাবে মূলধারার স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত হতে পারে, আমাদের সবাইকে সে চেষ্টা করতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্যসেবা নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধী মানুষেরা একজন সাধারণ মানুষ থেকে তিন গুণ পিছিয়ে থাকে। অর্ধেক প্রতিবন্ধী মানুষ স্বাস্থ্যসেবার খরচ বহন করতে পারে না। যতজনের হুইলচেয়ার প্রয়োজন, তার মাত্র ৫ থেকে ১৫ শতাংশ প্রতিবন্ধী মানুষের হুইলচেয়ার কেনার ক্ষমতা আছে।
আমাদের সরকার প্রতিবন্ধীবান্ধব। সরকারের স্বাস্থ্যনীতিতে বলা আছে, ফিজিক্যালি চ্যালেঞ্জড ব্যক্তিরা যেন স্বাস্থ্যসেবা পায়। কিন্তু বাস্তবতা হলো, অধিকাংশ ক্ষেত্রে প্রতিবন্ধী মানুষেরা স্বাস্থ্যসেবার সুযোগ পাচ্ছে না। প্রতিবন্ধী মানুষদের এখন সমন্বিত স্বাস্থ্যসেবার উদ্যোগ খুবই জরুরি। স্বাস্থ্য মন্ত্রণালয় এ উদ্যোগ নিতে পারে। এর জন্য পর্যাপ্ত বাজেট থাকতে হবে।
প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি থেকে বঞ্চিত হওয়ার একটা বড় সমস্যা হলো যোগাযোগব্যবস্থাসহ কয়েকটি কারণ। এখনো দেশের অধিকাংশ মানুষ গ্রামীণ জনপদে বাস করে। এখানে প্রতি ছয় হাজার মানুষের জন্য একটি কমিউনিটি ক্লিনিক আছে। কিন্তু এসব কমিউনিটি ক্লিনিকে কতজন প্রতিবন্ধী মানুষ সেবা নিতে আসে। কয়েকটি কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখেছি। সেখানে প্রতিবন্ধীবান্ধব সিঁড়িসহ অন্যান্য সুযোগ-সুবিধা নেই।
প্রতিবন্ধী মানুষদের স্বাস্থ্যসেবার জন্য মানবসম্পদ প্রয়োজন। এটা হঠাৎ করে তৈরি করা সম্ভব নয়। বিভিন্ন হাসপাতালে যঁারা সেবা দিচ্ছেন, তঁাদের কিছুটা প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী মানুষদের সেবার ব্যবস্থা করা যেতে পারে।
যেসব উপকরণ প্রতিবন্ধী মানুষেরা ব্যবহার করছে, অনেক ক্ষেত্রে সেটা তাদের উপকার না করে ক্ষতি করছে। এ দিকটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

মো. ইব্রাহীম হোসেন: প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের বিষয় নিয়ে কাজ করি। সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ে তাদের জন্য কাজ করে থাকি।
সমস্যা হলো, অনেকে জানে না প্রতিবন্ধী মানুষের অধিকার কী? প্রতিবন্ধিতা কী ইত্যাদি। তবে আগের থেকে কিছুটা হলেও সরকারি-বেসরকারি পর্যায়ে প্রতিবন্ধীদের সুযোগ বাড়ছে। বর্তমান সরকারও এ ক্ষেত্রে আন্তরিক। পাবনার কথাই যদি বলি, তাহলে দেখা যাবে, সাধারণ মানুষই চিকিৎসাসেবা সম্পূর্ণরূপে পাচ্ছে না। এ ক্ষেত্রে প্রতিবন্ধীদের সমস্যা আরও বেশি।
কিছুদিন আগে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী পাবনা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করেন। এখানে দুটি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) করার কথা বলেন। কিন্তু এটা এখনো চালু হয়নি। এ হাসপাতালে একটা র্যা ম্প করা হয়েছে। িকন্তু হাসপাতালে যদি কোনো প্রতিবন্ধী রোগী যায়, তাকে সাধারণ রোগীদের আনা-নেওয়ার শয্যা ব্যবহার করতে হয়।
প্রতিবন্ধী মানুষদের ব্যবহারের প্রয়োজনীয় উপকরণ পাবনা সদর হাসপাতালে নেই। আমাদের একজন নারী সদস্য মহিলা অধিদপ্তর থেকে সেলাইয়ের ওপর প্রশিক্ষণ নিলেন। একটা ফাউন্ডেশন তঁাকে সেলাই মেশিন দিল। মাসে পঁাচ থেকে সাত হাজার টাকা রোজগার করেন।
হঠাৎ একদিন পড়ে গিয়ে দুই পায়ে প্রচণ্ড ব্যথা পেলেন। হাসপাতালে নিলে তঁাকে ব্যথার ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হলো। আমার অভিজ্ঞতা বলে তঁার প্রয়োজন ছিল থেরাপির। পরে এক চিকিৎসক বললেন, তঁার এক মাস থেরাপি নিতে হবে।
থেরাপি নেওয়ার জন্য যেতে হবে কোনো বেসরকারি হাসপাতালে। একবার থেরাপির ব্যয় ৫০০ টাকা। এ অর্থ তিনি কোথায় পাবেন?
সরকারের নীতি যঁারা বাস্তবায়ন করেন, তঁাদের অনেক অবহেলা আছে বলে মনে হয়। একটা হাসপাতালে পঁাচটা হুইলচেয়ার, কয়েকটা ক্রাচ দেওয়া কোনো বিষয়ই না। কিন্তু এটা হচ্ছে না।
আমাদের প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। তিনি সব সময় তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করার কথা বলেন। তার পরও খুব সাধারণ বিষয়গুলোও বাস্তবায়িত হচ্ছে না। এসব বিষয়ে সংশ্লিষ্ট সবাই উদ্যোগ নেবেন বলে আশা করি।

মানস রঞ্জন চক্রবর্তী: আমি শ্রবণপ্রতিবন্ধী মানুষদের নিয়ে কাজ করি। আজকেই প্রথম আলো পত্রিকায় প্রধানমন্ত্রী প্রতিবন্ধী মানুষদের বহুমুখী প্রতিভার বিকাশ ঘটানোর কথা বলেছেন। তারা যেন সমাজে মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে, তিনি সে বিষয়েও বলেছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তারা যেন অবহেলার শিকার না হয়, এসব ক্ষেত্রে সচেতন থাকার কথা বলেছেন। এসব বাস্তবায়নে কার্যকর নীতি ও টেকসই কর্মসূচি নেওয়ার কথা তিনি বলেছেন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নে সবকিছু করার কথা বলা হয়েছে। এখন এটা কীভাবে বাস্তবায়িত হবে, সেটা দেখার বিষয়। আমাদের সংবিধানে স্বাস্থ্যসেবার মৌলিক অধিকারের কথা বলা আছে। তাই স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার সবার সমান।
সবার আগে প্রয়োজন সবার অংশগ্রহণে একটি গণমুখী স্বাস্থ্যনীতি বাস্তবায়ন করা। ১৯৯১ সালে স্বাস্থ্যনীতি হয়েছে, সেটা গ্রহণযোগ্য হয়নি। এরপর ২০০০ সাল থেকে শুরু করে কয়েকবার স্বাস্থ্যনীতি হয়েছে। কিন্তু কোনোবারই আলোর মুখ দেখেনি।
এখন আমাদের সবচেয়ে বড় প্রয়োজন প্রতিবন্ধী মানুষসহ সবার অংশগ্রহণে প্রতিবন্ধীবান্ধব স্বাস্থ্যনীতির কথা উল্লেখ করে একটা জাতীয় স্বাস্থ্যনীতি তৈরি করা। অনেক ক্ষেত্রে অভিযোগ আসে, চিকিৎসকেরা প্রতিবন্ধীবান্ধব নন। এটা অধিকাংশ ক্ষেত্রে সত্যি। কারণ, চিকিৎসাশিক্ষার পাঠ্যসূচিতে প্রতিবন্ধিতার বিষয়টি নেই। ফলে অধিকাংশ চিকিৎসক হয়তো প্রতিবন্ধী রোগীদের ক্ষেত্রে সংবেদনশীল নন। তাই চিকিৎসকদের পাঠ্যসূচিতে প্রতিবন্ধীদের সেবার বিষয়টি অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি।
প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে শ্রবণপ্রতিবন্ধী সেবাকে যোগ করার চেষ্টা করছি। ২০৩০ সালের মধ্যে ৯০ শতাংশ শ্রবণপ্রতিবন্ধিতা কমিয়ে আনতে চাই। এ লক্ষ্য অর্জনের জন্য আমরা কাজ করছি।
আমরা আশা করব, প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে প্রতিবন্ধিতার বিষয়টি সমন্বিত করে একটি উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে হাসপাতালগুলো প্রতিবন্ধীবান্ধব করার জন্য যা প্রয়োজন, সেসব করতে হবে।

মুরালী পদ্মানাভান: প্রতিবন্ধী মানুষদের স্বাস্থ্যসেবা মূলধারার সঙ্গে যুক্ত হবে। তারা সব ক্ষেত্রে সব ধরনের সুযোগ-সুবিধা পাবে, এটা আমরা বিশ্বাস করি। প্রতিবন্ধী মানুষ এই সমাজেরই অংশ।
প্রতিবন্ধী মানুষেরা সঠিকভাবে স্বাস্থ্যসেবা পেলে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। সমাজের একটা উল্লেখযোগ্য অংশ প্রতিবন্ধী। তাদের পেছনে রেখে দেশের এগিয়ে যাওয়া সম্ভব নয়। প্রতিবন্ধীদের পুনর্বাসন কোনো কল্যাণ বা সমাজসেবা নয়। এটা হলো তাদের স্বাস্থ্য অধিকার।
প্রতিবন্ধীদের ব্যবহারের উপযোগী উপকরণ হুইলচেয়ার, ক্রাচ ইত্যাদি প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে থাকা প্রয়োজন। প্রতি হাসপাতালে থেরাপি সেন্টার থাকতে হবে। এটা প্রতিবন্ধী মানুষদের স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার। প্রায় অধিকাংশ প্রতিবন্ধীই দারিদ্র্যসীমার মধ্যে বাস করে।
সরকারি হাসপাতালের বাইরে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার মতো সামর্থ্য তাদের থাকে না। এ জন্য দেশের সব সরকারি হাসপাতালে থেরাপি সেন্টার থাকা জরুরি। এগুলো স্বাস্থ্যসেবার সঙ্গে অন্তর্ভুক্ত থাকা প্রয়োজন। প্রতিবন্ধী মানুষদের পুনর্বাসন, থেরাপি কেন্দ্র—সবই মূলধারার হাসপাতালের সঙ্গে থাকা অত্যন্ত জরুরি।
সরকারি-বেসরকারি প্রায় অধিকাংশ হাসপাতালে প্রতিবন্ধীবান্ধব সেবাকর্মীর অভাব রয়েছে। এ ক্ষেত্রে জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন। শুধু বাংলাদেশ নয়, ভারতসহ বিভিন্ন দেশেই হাসপাতালে প্রতিবন্ধীবান্ধব সেবাকর্মীর অভাব রয়েছে।
সবশেষে বলতে চাই, এ দেশের একটা উল্লেখযোগ্যসংখ্যক মানুষ প্রতিবন্ধী। তাদের স্বাস্থ্যসেবা যেন মূলধারার সঙ্গে যুক্ত হয়। হাসপাতালগুলোতে যেন পর্যাপ্ত প্রতিবন্ধীবান্ধব সেবাকর্মী থাকেন। তারা যেন স্বাস্থ্যসেবার সব ধরনের সুযোগ-সুবিধা পায়, এ জন্য উদ্যোগ নেওয়া জরুরি।

নাফিসুর রহমান: আমরা জানি, বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব। এ সরকারের সময়ে প্রতিবন্ধী মানুষদের জন্য অনেক কাজ হয়েছে। এ জন্য সরকারের প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে।
১৯৭৮ সালে প্রতি জেলায় একজন করে ফিজিওথেরাপিস্টের পদ সৃষ্টির বিষয়টি কার্যকর হয়েছিল। পরবর্তী সময়ে কীভাবে আবার এটা অকার্যকর হলো, সেটা জানতে পারিনি। এখন জেলা হাসপাতালগুলোতে ফিজিওথেরাপিস্ট নেই। ফিজিওথেরাপিস্টের কোনো পদও নেই। দুই দশক ধরে ফিজিওথেরাপিস্টের কোর্স বন্ধ ছিল। আবার চালু হয়েছে। পঙ্গু হাসপাতালে এ কোর্স করানো হচ্ছে।
কিন্তু তার পরও সরকারি হাসপাতালগুলোতে ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট নেই। স্বাস্থ্যসেবার মূলধারার সঙ্গে এসব থেরাপিস্টের যুক্ততা না থাকায় অন্য চিকিৎসকদের সঙ্গে থেরাপিস্টদের দূরত্ব তৈরি হচ্ছে। অন্য চিকিৎসকেরা অনেক ক্ষেত্রে থেরাপিস্টদের মেনে নিতেও চান না।
মানিকগঞ্জ ও সিরাজগঞ্জ হাসপাতালে যতজন মানুষ আসছে, এর ৬২ শতাংশ মানুষ শারীরিক প্রতিবন্ধী। এদের জন্য ফিজিওথেরাপিস্টের কোনো বিকল্প নেই। অটিস্টিকদের জন্য অকুপেশনাল ও স্পিচ থেরাপির কোনো বিকল্প নেই। অটিজমে আক্রান্ত ব্যক্তিদেরও মূলধারার চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত করতে হবে।
আমাদের প্রধানমন্ত্রী যখন অন্যান্য দেশের সরকারকে এসব বিষয়ে তাদের নীতি কর্মপরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করার কথা বলেন, তখন আমাদের এসব বিষয়ে সবার আগে সঠিক কর্মপরিকল্পনা নিতে হবে।
সরকার বেশ কিছু জেলা ও উপজেলায় জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন নামে কিছু সেবাকেন্দ্রের ব্যবস্থা করেছে। এই ফাউন্ডেশনগুলো পরিচালনার দায়িত্ব আবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের। মূলধারার স্বাস্থ্যসেবার সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় আনতে হবে। মানিকগঞ্জ ও সিরাজগঞ্জে প্রতিবন্ধী মানুষের যে সেবার সুযোগ সৃষ্টি হয়েছে, সারা দেশের হাসপাতালে এ মডেল চালু করা প্রয়োজন।
প্রতিবন্ধী মানুষের তথ্য নিয়ে অনেক বিভ্রান্তি আছে। ডিপার্টমেন্ট অব সোশ্যাল সার্ভিসেস এখন দেশের ঘরে ঘরে গিয়ে জরিপ করছে। এখন পর্যন্ত তারা ১৫ লাখ মানুষের তথ্য সংগ্রহ করেছে। কাজটি শেষ হলে প্রতিবন্ধী মানুষদের সঠিক তথ্য পাব বলে আশা করতে পারি। এখন যে ১৫ লাখ প্রতিবন্ধী মানুষের তথ্য আছে, এটা নিয়ে গবেষণা করা যেতে পারে। এখন কমপক্ষে বলা যায় যে এই ১৫ লাখ মানুষের তথ্য নিয়ে কোনো বিভ্রান্তি নেই।

সৈয়দ মাসুদ আহমেদ: শুধু সাধারণ মানুষেরা সচেতন হলে হবে না। চিকিৎসকসহ প্রতিবন্ধী মানুষদের যঁারা সেবা দেন, তঁাদের অনেক বেশি সচেতন হতে হবে। তঁাদের মানসিক অবস্থারও পরিবর্তন করতে হবে।
সমাজে অনেক ধরনের কুসংস্কার আছে। ঘরে একজন প্রতিবন্ধী মানুষ থাকলে তাকে অবহেলা করা হয়। অনেকে মনে করে এটা তার পাপের ফল। ঠিকমতো তার চিকিৎসা করা হয় না। সেবাযত্ন করা হয় না। এসব কুসংস্কার দূর করার জন্য আমাদের জোরালো ভূমিকা নিতে হবে।
সমাজে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষ রয়েছে। এদের প্রত্যেকের সমস্যা ভিন্ন ধরনের। কী ধরনের জনবল কতজন প্রয়োজন, সেটা ঠিক করতে হবে। প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। সঠিক কর্মপরিকল্পনা করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে বিশেষজ্ঞ সেবা দিতে হবে। সে জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন।
এসব করার জন্য সম্পদের প্রয়োজন। স্বাস্থ্য খাতের বাজেট আরও বাড়ানো প্রয়োজন। আবার স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত অর্থ অপ্রয়োজনীয় খাতে ব্যয় করা হয়। মাঝেমধ্যে এমন সব যন্ত্রপাতি কেনার খবর দেখি, যেগুলো পরে আর কাজে লাগে না। অপচয় বন্ধ হলে স্বাস্থ্যসেবার আওতা আরও বাড়ানো সম্ভব হবে।
প্রতিবন্ধী মানুষের সঠিক সংখ্যা কত, সেটা আমরা জানি না। না জানলে কীভাবে পরিকল্পনা করব? প্রকৃত পরিসংখ্যান জানা থাকলে আমরা বের করতে পারব আমাদের সম্পদ কতটুকু প্রয়োজন। জনবল কত প্রয়োজন। কোথায় কী পরিমাণ সেবার প্রয়োজন ইত্যাদি।
সরকারি-বেসরকারি ও কমিউনিটি হাসপাতাল সবাই একসঙ্গে একটি সমন্বিত উদ্যোগ নিলে প্রতিবন্ধী মানুষদের সেবা দেওয়া সহজ হবে বলে আশা করি।

লিকে সুইয়ি: আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো মানুষের সবার আগে দরকার সুস্বাস্থ্য। বিশেষ করে প্রতিবন্ধী মানুষের জন্য এটা আরও বেশি জরুরি।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জেনেভায় একটি সভা করেছে। সেখানে বিশ্বব্যাপী প্রতিবন্ধী মানুষদের পুনর্বাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা বলা হয়েছে, প্রতিবন্ধী মানুষদের পুনর্বাসনের কাজকে ঢেলে সাজানোর কথা বলা হয়েছে।
পৃথিবীর অসংখ্য মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। দিন দিন পুনর্বাসনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। প্রতিবন্ধী মানুষের পুনর্বাসন হচ্ছে একটা জরুরি প্রয়োজন। এ ছাড়া তাদের আরও অনেক ধরনের সেবার প্রয়োজন। প্রতিবন্ধী মানুষের সব ধরনের স্বাস্থ্যসেবাকে মূল স্বাস্থ্যসেবার অন্তর্ভুক্ত করা জরুরি।
আমি একটি পুনর্বাসনকেন্দ্রে নিয়মিত দেখাতাম। তারা আমাকে চিঠি দিয়ে সেখানে না যাওয়ার জন্য বলেছে। আমাকে যিনি দেখতেন, তিনি তঁার লোকবল নিয়ে হাসপাতালে চলে গেছেন। কারণ, তিনি বিচ্ছিন্নভাবে কাজ করতে চান না। হাসপাতালে সবার সঙ্গে কাজ করতে চান। যেন পুনর্বাসনের বিষয়টি মূলধারার সঙ্গে যুক্ত হয় এবং সেবার মান আরও ভালো হয়।
প্রতিবন্ধী মানুষদের সমস্যার বিষয়গুলোতে বিশ্বব্যাপী আরও বেশি মনোযোগ দিতে হবে। আমি একজন প্রতিবন্ধী মানুষ। আমার চেয়ার না থাকলে চলাফেরা করতে পারব না। একটি চাকরি খুঁজতে পারব না। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারব না। তাই একটি চেয়ার পাওয়া আমার মৌলিক অধিকার ও মানবাধিকারের বিষয়ের সঙ্গেও জড়িত। শুধু স্বাস্থ্যই নয়, প্রতিবন্ধীদের প্রতিটি সমস্যার বিষয় গুরুত্বের সঙ্গে ভাবা প্রয়োজন।

এ এইচ এম নোমান খান: ২০ বছর আগে প্রতিবন্ধী মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা বলতে পারতাম না। তখন মানুষ চিন্তাই করতে পারত না যে প্রতিবন্ধী মানুষেরা সমাজে সবার সঙ্গে মিশবে, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে ইত্যাদি।
একসময় প্রতিবন্ধী মানুষের পরিবার থেকে এ সেবা প্রত্যাখ্যাত হতো। কারণ, তখন মনে করা হতো, এটা তাদের অভিশাপের ফল। ঝাড়ফুঁকই ছিল সেবার একমাত্র উপায়।
আজ আমরা প্রতিবন্ধী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা বলতে পারি। কারণ, গত ২০ বছরে তাদের জন্য অনেক কাজ হয়েছে। আমাদের মানসিকতা ও সামাজিক অবস্থানের পরিবর্তন হয়েছে।
প্রতিবন্ধী মানুষের স্বাস্থ্যসেবার জন্য অনেক সুযোগও তৈরি হয়েছে। প্রতিবন্ধী মানুষদের সুযোগ করে দিলে তারা দেশের উন্নয়নে অংশ নিতে পারে। আর তাদের এ সুযোগ দেওয়ার জন্য দেশে প্রযুক্তি এসেছে, জনবল তৈরি হয়েছে। ১৯৯৬ সালে আমরা সিডিডির পক্ষ থেকে প্রতিবন্ধী মানুষের সেবার জন্য উদ্যোগ নিই।
প্রত্যেক প্রতিবন্ধী মানুষের বিশেষ চাহিদা আছে। ২০১৩ সালের আইনে ১২ ধরনের প্রতিবন্ধী মানুষের বিন্যাস করা হয়েছে। এই ১২ ধরনের মানুষের প্রত্যেকের চাহিদা ভিন্ন। তাই সাধারণভাবে কিছু হুইলচেয়ার দিলে সবাই উপকৃত হবে না। প্রথম দিকে প্রতিবন্ধী মানুষের সেবার জন্য সম্পূর্ণভাবে বিদেশের ওপর নির্ভর করতে হতো। কিন্তু আজ দেশে কয়েক হাজার ফিজিওথেরাপিস্ট আছেন।
মাননীয় প্রধানমন্ত্রী ভুটানে বিশ্বের নেতাদের প্রতিবন্ধী মানুষদের একীভূত উন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সবার আগে আমাদের দেশের প্রতিবন্ধী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একান্ত জরুরি।
এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার অভাব নেই। স্বাস্থ্য সংশ্লিট সবার আন্তরিকতার অভাব নেই। প্রতিবন্ধী মানুষের সেবা সংশ্লিট অধিদপ্তর ও মন্ত্রণালয় থেকেও সহযোগিতা রয়েছে। তার পরও কোথায় যেন একটা সমস্যা থেকে যাচ্ছে।
প্রতিবন্ধী মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি যেভাবে এগোনোর কথা, সেভাবে এগোচ্ছে না। আমরা দুটো এলাকায় পাইলট প্রোগ্রাম করে আস্থাশীল হয়েছি যে মূল স্বাস্থ্যসেবার সংঙ্গে যুক্ত করে গ্রাম বা তৃণমূল পর্যায় পর্যন্ত প্রতিবন্ধী মানুষদের স্বাস্থ্যসেবা পৌঁছানো সম্ভব।
বর্তমানে প্রতিবন্ধী মানুষদের সেবার জন্য জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে ১০৩টি সেবাকেন্দ্র রয়েছে।
আমরা দেখেছি, একটি সেবাকেন্দ্রে যে ব্যয় হয়, এর তিন ভাগের এক ভাগ খরচে সরকারি হাসপাতালের মধ্যে অনুরূপ সেবা প্রদান করা সম্ভব। তাই প্রতিবন্ধী মানুষের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা প্রচলিত স্বাস্থ্যসেবার সঙ্গে সমন্বিত করা একান্ত প্রয়োজন।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের দেশব্যাপী স্বাস্থ্যসেবার অবকাঠামো রয়েছে, ফলে অনুরূপ সেবা তৃণমূল পর্যায়ে তাদের পেুক্ষ নিয়ে যাওয়া সম্ভব। প্রতিবন্ধী মানুষদের স্বাস্থ্যসেবা মূলধারার স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত হলে এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করলে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।
আব্দুল কাইয়ুম: জাতীয় স্বাস্থ্যসেবার সঙ্গে প্রতিবন্ধী মানুষদের স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত করা জরুরি। প্রতিবন্ধী মানুষদের অনেক ক্ষেত্রে মানবেতর জীবন যাপন করতে হয়।
মধ্য আয়ের দেশ হতে হলে প্রতিবন্ধী মানুষদের উন্নয়ন করতেই হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব মানুষের জন্য সঠিক পরিকল্পনা নেবে বলে আশা করি। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
আলোচনায় সুপারিশ
* সরকারি হাসপাতালগুলোতে প্রতিবন্ধী মানুষদের সেবা দেওয়ার জন্য পৃথক সেবা বিভাগ চালু করার উদে্যাগ িনতে হবে
* যেকোনো ধরনের প্রতিবন্ধী যেন এক ছাতার নিচে থেকে সেবা পেতে পারে, সে জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন
* প্রতিবন্ধী মানুষদের স্বাস্থ্যসেবার জন্য মানবসম্পদ প্রয়োজন। এ ক্ষেত্রে বিভিন্ন হাসপাতালে যঁারা সেবা দিচ্ছেন, তঁাদের কিছুটা প্রশিক্ষণ দিয়ে প্রতিবন্ধী মানুষদের সেবার ব্যবস্থা করতে হবে
* সরকারের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিচালিত সেবাকেন্দ্রের সঙ্গে প্রচলিত স্বাস্থ্যসেবার সমন্বয়ের উদ্যোগ নেওয়া প্রয়োজন
যাঁরা অংশ নিলেন
এ এইচ এম এনায়েত হোসেন : অতিরিক্ত মহাপরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন, স্বাস্থ্য অধিদপ্তর
এ এইচ এম নোমান খান : নির্বাহী পরিচালক, সিডিডি
মানস রঞ্জন চক্রবর্তী : সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, জাতীয়
নাক, কান, গলা ইনস্টিটিউট ও হাসপাতাল
মো. ইমরান আলী : সিভিল সার্জন, মানিকগঞ্জ জেলা
আনিকা রহমান লিপি : সহকারী পরিচালক, সিডিডি
সৈয়দ মাসুদ আহমেদ : পরিচালক, সেন্টর অব এক্সিলেন্স ফর ইউনিভার্সাল
হেলথ কভারেজ, জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক
হেলথ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়
নাফিসুর রহমান : পরামর্শক, ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট
নাজমুল বারী : পরিচালক, সিডিডি
লিকে সুইয়ি : ডিজঅ্যাবিলিটি রাইটস স্পেশালিস্ট,
লাইট ফর দ্য ওয়ার্ল্ড, দ্য নেদারল্যান্ডস
মুরালী পদ্মানাভান : জেন্ডার অ্যান্ড ডিজঅ্যাবিলিটি ইনক্লুশন
অ্যাডভাইজর লাইট ফর দ্য ওয়ার্ল্ড
মো. ইব্রাহীম হোসেন : সভাপতি, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক দল, পাবনা
সঞ্চালক
আব্দুল কাইয়ুম : সহযোগী সম্পাদক, প্রথম আলো