প্রতিবন্ধী ব্যক্তির আইনের বিধি প্রণয়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩-এর বিধি দ্রুত প্রণয়নের দাবি জানিয়েছেন প্রতিবন্ধী ব্যক্তির সংগঠনের প্রতিনিধিরা। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রতিবন্ধী ব্যক্তির সংগঠনের সমন্বয়কারী সংগঠন পিএনএসপি ও আরও
১৩টি সংগঠন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান প্রতিবন্ধী নাগরিক সংগঠন পরিষদের সাধারণ সম্পাদক সালমা মাহবুব। লিখিত বক্তব্যে বলা হয়, মূল আইনের ৩১ ও ৩৬ ধারা বাস্তবায়নের জন্য উচ্চ আদালতে রিট করা হলেও সমাজকল্যাণ মন্ত্রণালয় এখনো তা কার্যকর করার জন্য পরিপত্র জারি করেনি।
সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, রাজনৈতিক নেতৃত্বকে খুশি করার নামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা মূল আইনের বিধি প্রণয়নকে পাশ কাটিয়ে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইনের বিধি পাশের উদ্যোগ নিয়েছেন। তাঁরা বলেন, ট্রাস্ট আইনের বিধি প্রকাশের আগে মূল আইনের বিধি প্রকাশ করতে হবে।
পিএনএসপির সভাপতি এম ওসমান খালেদ (ইশারা ভাষায় দোভাষীর সহায়তায়), জাতীয় ফোরামের নির্বাহী সদস্য মনসুর জামান খান, বি-স্ক্যান সভাপতি সাবরিনা সুলতানা, এসইউসিসির সভাপতি আশিকুর রহমান প্রমুখ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।