প্রতিবন্ধী ভাইকে বাড়ি থেকে উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গৌরীপুর গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবন্ধী ভাইকে মারধর করে সপরিবারে বাড়ি থেকে উচ্ছেদ করার অভিযোগ পাওয়া গেছে।থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলার গৌরীপুর গ্রামের প্রতিবন্ধী সাইফুল ইসলামের সঙ্গে তাঁর আপন ভাই সোলেমান হোসেন, শামসুল ইসলাম ও সোবহান মিয়ার পৈতৃক বাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে গতকাল রোববার সকালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে ওই প্রতিবন্ধীকে তাঁর পরিবার-পরিজনসহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদ করলে ভাইয়েরা একজোট হয়ে প্রতিবন্ধী সাইফুল (৪০), তাঁর স্ত্রী শিউলি বেগম (৩০) এবং বাড়ির কাজের মেয়ে প্রতিবন্ধী সেলিনাকে (২৫) মারধর করেন। গ্রামবাসী তাঁদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।সাইফুল বলেন, ‘আমি প্রতিবন্ধী হওয়ায় ভাইয়েরা আমার সম্পত্তি নিতে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এ অবস্থায় সবকিছু দখল করে আমাদের মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে।’তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, এ ঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। আসামিরা পলাতক।