প্রতিবন্ধী ভিক্ষুক হলেন আসামি!
ভিক্ষুক আয়নাল হোসেন জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধী। ঠিকমতো কথা বলতে ও চলতে পারেন না। নিজ এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করেন। অধিকাংশ মানুষ তাঁকে ‘আয়নাল পাগলা’ বলে ডাকে। আয়নাল হোসেনের আপন বলতে এক বিধবা বোন আছেন, যাঁর বাড়িতে আশ্রয় মিলেছে তাঁর। নিজের ভিক্ষা আর বোনের গৃহপরিচারিকার আয় দিয়ে চলে ভাইবোনের সংসার।ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাবিলপুর গ্রামের প্রতিবন্ধী আয়নাল হোসেন (৪৮) এখন পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় অভিযুক্ত আসামি। ২০০৮ সালে তিনি পুলিশের কাছ থেকে কালীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল আজিমকে ছিনিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই অভিযোগে দায়ের করা মামলায় ইতিমধ্যে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। অভিযোগে আসামিদের নামের তালিকায় আয়নাল ছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল আজিম, তাঁর বোন-ভাবিসহ পরিবারের ছয় সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের আলীসহ ৩৩ জনের নাম রয়েছে।প্রসঙ্গত, ২০০৮ সালের ২৩ জুলাই কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর এলাকায় আনোয়ারুল আজিমের বাড়ি থেকে তাঁকে আটক করতে যায় পুলিশ। আজিমের পরিবারের সদস্য ও দলীয় কর্মীদের বাধা পেয়ে পুলিশ তাঁকে আটকে ব্যর্থ হয়ে মামলা দায়ের করে। ওই মামলায় ঘটনাস্থল থেকে দশ কিলোমিটার দূরের কাবিলপুর গ্রামের প্রতিবন্ধী আয়নালকে আসামি করা হয়। আয়নাল হোসেন কাবিলপুর গ্রামের মৃত মহর আলীর ছেলে। বোন উজালা খাতুন বলেন, ‘দুই মাস আগে বাড়িতে পুলিশ আসে। পুলিশ বলে, আয়নালের নামে ওয়ারেন্ট আছে। সে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়া মামলার আসামি। আমাদের ঘুম থেকে ডেকে তুলে পুলিশ ভাইকে দেখে হতভম্ব হয়ে যায়। আটক না করে চলে যায় তারা।’উজালা খাতুন জানান, বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও এক সদস্যকে জানান তাঁরা। এরপর তাঁদের নিয়ে কোলাবাজার পুলিশ ফাঁড়িতে যান। পুলিশের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে আয়নালের জামিনের ব্যবস্থা করেন। এরপর ভিক্ষার টাকা থেকে ৩০০ টাকা জমিয়ে আয়নালকে ঝিনাইদহের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। এখনো আয়নাল হোসেনকে আদালতে নিয়মিত হাজিরা দিতে হচ্ছে। প্রতিবার হাজিরায় ২০০ টাকা খরচ হয়। ১০০ টাকা যায় উকিলের পেছনে, আর দুই ভাইবোনের যাতায়াতের খরচ হয় বাকি ১০০ টাকা, যা তাঁদের পক্ষে জোগাড় করা খুব কষ্টকর।আয়নাল হোসেনের আইনজীবী মোত্তালিব হোসেন জানান, তিনিও আসামিকে দেখে হতবাক হয়েছেন। এই লোক পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়েছে, বিশ্বাসই হয় না। আয়নালকে নিয়ে আদালতে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন জামাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম। তিনি জানান, আয়নাল হোসেন জন্মের পর থেকে প্রতিবন্ধী। ঘটনার আগে আয়নাল কখনো কালীগঞ্জ শহরে গিয়েছেন বলে মনে হয় না। তাঁকে কোন কারণে আসামি করা হলো, তা বোধগম্য নয়। তিনি বলেন, ‘মামলার এজাহারে বাবার নাম অজ্ঞাত ছিল। পুলিশ তদন্ত শেষে চার্জশিটে বাবার নাম যুক্ত করেছে। তদন্তকালে “পাগল” জানার পরও তাঁর নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।’মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ঝিনাইদহ ইউনিটের সভাপতি আমিনুর রহমান বলেন, বিষয়টি অমানবিক। এ বিষয়ে তাঁরা যথাযথ পদক্ষেপ নেবেন।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন প্রথম আলোকে জানান, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় কালীগঞ্জ থানার তৎকালীন এসআই শেখ শাহজাহান বাদী হয়ে ৩৩ জনের নামে একটি মামলা করেছিলেন। পরে তদন্তের শেষে সব আসামির নামে ওই বছরের ১৭ নভেম্বর আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন অপর এসআই আবু বক্কর শিকদার। আয়নাল হোসেনের বিষয়টি তিনি অবগত নন বলে জানান ওসি।আবু বক্কর শিকদার বর্তমানে ঝিনাইদহ বিচারিক হাকিম আদালতে কোর্ট ইন্সপেক্টর (সিএসআই) হিসেবে দায়িত্ব পালন করছেন। গতকাল রোববার তিনি প্রথম আলোকে বলেন, ‘ওই মামলায় এক দিনের মধ্যে চার্জশিট দিতে বলা হয়েছিল। তখন তড়িঘড়ি করে কাজ করতে হয়েছে। সব আসামির বাড়ি যাওয়া সম্ভব হয়নি।’