প্রতিবন্ধী মানুষদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ সৃষ্টি করতে পারলে দেশ ও সমাজের জন্য তারা সম্পদে পরিণত হবে। সে জন্য কর্মপরিবেশ অনুযায়ী প্রতিবন্ধী মানুষদের প্রশিক্ষণ এবং তাদের কর্মদক্ষতা অনুযায়ী তথ্যভান্ডার, শিল্পমালিকদের প্রণোদনা, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন এবং জাতীয় দক্ষতা উন্নয়ন নীতির বাস্তবায়ন যথাযথভাবে করতে হবে।
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার ‘তৈরি পোশাকশিল্পে প্রতিবন্ধীবান্ধব কর্মপরিবেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। তাঁরা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে সমাজের কর্তব্য আছে। তারা যেন অবহেলিত না থাকে, সেদিকে দৃষ্টি দিতে হবে। সামাজিক মর্যাদা, কর্মদক্ষতা অর্জন ও কাজ পাওয়াটা তাদের অধিকার।
বাংলাদেশ ও জার্মান সরকারের যৌথ প্রকল্প প্রমোশন অব সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডস ইন দ্য ইন্ডাস্ট্রি (পিএসইএস) এবং বেসরকারি সংস্থা সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) সহায়তায় গোলটেবিল বৈঠকটি আয়োজন করে প্রথম আলো। জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (বিএমজেড) পক্ষে বাংলাদেশে পিএসইএস প্রকল্প বাস্তবায়ন করছে জিআইজেড। বৈঠকটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
বৈঠকে কয়েকজন বক্তা বলেন, পোশাকশিল্পমালিকদের মানসিকতায় পরিবর্তন আসছে। কিছু কারখানায় প্রতিবন্ধী ব্যক্তিরা দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তবে পোশাক খাতে বিরাট সুযোগ আছে। ২০২১ সালের মধ্যে পোশাক রপ্তানি আয় পাঁচ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এতে করে নতুন বেশ কয়েক লাখ শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন শ্রমসচিব মিকাইল শিপার। তিনি বলেন, ‘সরকারের কর্মচারী হিসেবে বলতে চাই, আমাদের মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে। আমরা এখন প্রতিবন্ধী মানুষদের নিয়ে ভাবি।’ তিনি বলেন, ভবিষ্যতে সব সরকারি ভবন নির্মাণ প্রতিবন্ধীবান্ধব করার নির্দেশনা দেওয়া আছে। ইতিমধ্যে সে রকম নয়টি সরকারি ভবন নির্মিত হয়েছে।
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান যাঁরা দেবেন, তাঁদের সহায়তা দেওয়ার কথা গুরুত্বসহকারে বলেন শ্রমসচিব। অন্যদিকে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করা না হলে অতিরিক্ত কর বসানোর মতো শাস্তিমূলক ব্যবস্থা প্রবর্তন করার পক্ষে মত দেন এনএফওডব্লিউডির পরিচালক নাফিসুর রহমান।
সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান বলেন, কমপক্ষে ৫০ লাখ প্রতিবন্ধী মানুষকে কর্মশক্তিতে রূপান্তর সম্ভব। তিনি বলেন, শারীরিকভাবে সুস্থ ও প্রতিবন্ধী মানুষের মধ্যে কোনো তফাত নেই। আগে একসময় অনুমান করে বললেও এটি এখন বাস্তব। এ বিষয়ে একমত পোষণ করেন নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি এ এইচ আসলাম সানি। তিনি বলেন, প্রতিবন্ধী শ্রমিকেরা যথেষ্ট দক্ষ। তাঁদের কারখানা বদলের প্রবণতা একেবারেই নেই।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিডিডির পরিচালক নাজমুল বারি। তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে উন্নয়নশীল দেশে ১৫ শতাংশের মতো প্রতিবন্ধী মানুষ থাকে। সেই অনুযায়ী আমাদের সমাজে প্রতিবন্ধী মানুষের সংখ্যা অনেক। তাদের কর্মক্ষেত্রে আনতে না পারলে দেশের জিডিপির ৩ থেকে ৭ শতাংশের মতো ক্ষতি হবে। অর্থের হিসাবে এই লোকসান প্রায় ১০০ কোটি ডলার।’
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির বলেন, ‘কোনো প্রতিবন্ধী মানুষ কোন কাজের জন্য যোগ্য, সেটি আমাদের জানতে হবে। তাঁদের দক্ষতা উন্নয়নে আরও উদ্যোগ নিতে হবে। অনেক সময় তাঁরা হীনম্মন্যতায় ভোগেন। এ জন্য অনেক সময় তাঁদের উৎপাদনশীলতা কমে যায়।’
মোহাম্মদ নাছির বলেন, প্রতিবন্ধী মানুষদের নিয়ে পোশাকশিল্পের উদ্যোক্তারা ব্যক্তিগতভাবে কাজ করছেন। কেয়া গ্রুপে ৮৫০ ও বেক্সিমকো ফ্যাশনে ৫৭৬ জন প্রতিবন্ধী মানুষ কাজ করেন। এ ছাড়া ফখরুদ্দীন, অবন্তী, ফকির, গিভেন্সিসহ বেশ কিছু কারখানায় প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থান হয়েছে।
সরকার প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন করেছে। সেখানে তাদের কর্মসংস্থান চাকরি প্রদানকারী প্রতিষ্ঠানকে কর রেয়াত দেওয়ার কথা বলা হয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিতে সব ধরনের দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে ৫ শতাংশ কোটা প্রতিবন্ধী মানুষের জন্য বাধ্যবাধকতা আছে। এসব বিষয় উল্লেখ করে তা যথাযথ বাস্তবায়নের দাবি জানান একাধিক বক্তা।
জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম খোরশেদ আলম বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা অনুযায়ী একটি তথ্যভান্ডার করা খুব দরকার। এটি মালিকদের জন্য উন্মুক্ত থাকতে হবে। তাঁরা যেন প্রয়োজন অনুযায়ী প্রতিবন্ধী শ্রমিক খুঁজে নিতে পারেন। তিনি বলেন, প্রতিবন্ধী মানুষের বিষয়ে শিল্পপতিদের মনে সামাজিক দায়বদ্ধতা জাগিয়ে তুলতে হবে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক সামছুজ্জামান ভূঁইয়া বলেন, সরকারি চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫ শতাংশ কোটা থাকলেও বেসরকারি প্রতিষ্ঠানে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। বেসরকারি প্রতিষ্ঠানের জন্য এটি করা গেলে সুবিধা পাওয়া যাবে।
ডিজঅ্যাবল পিপলস ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান ওসমান খালেদ শারীরিকভাবে শ্রবণ ও বাক্প্রতিবন্ধী। তিনি সিডিডির কর্মকর্তা শেখ মোহাম্মদ ফয়সাল হোসেনের সহায়তা নিয়ে বক্তব্য দেন। খালেদ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের ক্ষেত্রে পারিশ্রমিক যেন কম দেওয়া না হয়, সেটা নিশ্চিত করতে হবে।
প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে অনেক দেশের চেয়ে বাংলাদেশে ভালো পরিবেশ আছে বলে মন্তব্য করেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সেক্টর স্কিলস ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ কিশোর কুমার সিং। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য সমাজ ও নিয়োগকর্তাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। কত জন দক্ষ প্রতিবন্ধী মানুষ আছেন, সেটির পরিসংখ্যানও প্রয়োজন।
জিআইজেডের জ্যেষ্ঠ পরামর্শক বেটিনা স্মিথ কোন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিকে কী ধরনের কাজের প্রশিক্ষণ দেওয়া হবে, সেটি আগেই নিরূপণ করার ওপর গুরুত্বারোপ করেন। শারীরিকভাবে জটিলতা বেশি এমন প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা করে তারপর প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও পরামর্শ দেন তিনি।
বক্তারা আরও বলেন, জাতিসংঘ অনুমোদিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অনুযায়ী কাউকে বাদ রেখে উন্নয়ন করা যাবে না। তাই পিছিয়ে পড়তে না চাইলে শিল্পকারখানায় প্রতিবন্ধী মানুষদের অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের কাজ পাওয়া, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ইত্যাদি বিষয় যাতে দীর্ঘস্থায়ী ও টেকসই হয়, সেদিকে নজর রাখা প্রয়োজন।