প্রতিবন্ধী মোমিনের ছুটে চলা

সকাল থেকে রাত অবধি ব্যাটারিচালিত অটোভ্যানে যাত্রী নিয়ে ছুটে চলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রতিবন্ধী আবদুল মোমিন (৩৫)। শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনিই তাঁর পাঁচ সদস্যের পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। বয়সের দিক দিয়ে আবদুল মোমিন পূর্ণ যুবক হলেও তাঁর উচ্চতা মাত্র তিন ফুটের একটু বেশি।
উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বেড়াবাজুয়া গ্রামের বাসিন্দা আবদুল মোমিন। গ্রামের আবদুস সোবাহান ও সালেহা বেগম দম্পতির চার ছেলে আর এক মেয়ের মধ্যে আবদুল মোমিন তৃতীয়। অন্য ভাই-বোনেরা সবাই স্বাভাবিক স্বাস্থ্যের অধিকারী হলেও মোমিন তিন ফুটের বেশি আর বাড়েনি। ছোটবেলায় স্থানীয় বিদ্যালয়ে ভর্তি হলেও সমবয়সীদের অবহেলা আর নিজে খাপ খাওয়াতে না পারায় বেশি দিন আর পড়ালেখা চালানো সম্ভব হয়নি মোমিনের। তারপর ১২-১৩ বছর বয়সে শখের বশে সার্কাস দলে যোগ দেন জোকার হিসেবে। এ কাজ করেন প্রায় এক যুগ। মানুষ হাসাতে পারলেও নিজের জীবনে হাসি ফোটাতে পারছিলেন না জোকারের সামান্য আয়ে। তাই বাড়ি ফিরে আসেন। একসময় পাশের গ্রামের হাফিজা খাতুনের সঙ্গে জীবনের গাঁটছড়া বাঁধেন তিনি। স্বামী-স্ত্রী মিলে ধরেন সংসারের হাল। জীবনের তাগিদে এরপর অনেক কাজই করতে হয়েছে মোমিনকে। সংসারে আসে দুই ছেলে আর এক মেয়ে। বর্তমানে বড় ছেলে আপন হোসেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় আর মেয়ে মিতু খাতুন প্রথম শ্রেণিতে পড়ে। ছোট ছেলে আলিফের বয়স এক বছর।
বছর চারেক আগে তিনি একটি ব্যাটারিচালিত একটি অটোভ্যান কেনেন। সেটি চালিয়েই এখনো জীবিকা নির্বাহ করছেন। আবদুল মোমিন বলেন, ‘জীবন বাঁচাতে অনেক কাজ করেছি। এখন অটোভ্যান চালাচ্ছি। এতে সুবিধা বেশি।’ তবে ভ্যানযাত্রীরাও তাঁর প্রতি অত্যন্ত সহানুভূতিশীল আচরণ করে বলে জানান তিনি।
সিমলা গ্রামের রফিকুল ইসলাম বলেন, তিনি সুযোগ পেলেই আবদুল মোমিনের ভ্যানে চড়েন। এতে শুধু যে পথই পাড়ি দেওয়া হয় তা নয়, মানুষটিকে সাহায্যও করা হয়।
আরমান আলী নামের আরেক যাত্রী বলেন, সুস্থ-সবল চালকও ভুল করে দুর্ঘটনা ঘটান। কিন্তু আবদুল মোমিন খুবই সতর্ক চালক। তাঁর ওপর ভরসা করা যায়।
মোমিনের স্ত্রী হাফিজা বেগম বলেন, ‘আমার স্বামী কারও কাছে হাত পাতে না। কাজ করে সংসার চালায়। এটাই গর্বের বিষয়।’
তবে মোমিন বলেন, ‘এখনো শরীর ভালো আছে। তাই কঠিন কাজও করতে পারছি। তবে বয়স বাড়লে আর গাড়ি টানতে পারব কি না, তা নিয়ে চিন্তায় আছি।’