প্রতিবন্ধী রূপবানী ও তার মা

রূপবানী হচ্ছে প্রতিবন্ধী এক শিশু। বয়স ১০ বছরের মতো। রূপবানী যেদিন পৃথিবীতে আসে, সেদিনই তাকে পলিথিনে মুড়িয়ে রাতের আঁধারে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ফেলে রাখে কে বা কারা। তখন তার হাত-পা শীতে কাঁপছিল। নাক দিয়ে ঝরছিল পানি।
নিঃসন্তান সালেহা খাতুন (৪৫) সৈয়দপুর রেলওয়ে স্টেশন এলাকায় ভিক্ষা করেন। রাতে স্টেশনের প্ল্যাটফর্মে থাকেন। ওই দিন (যেদিন স্টেশনে ফেলে রাখা হয়) শিশুটির কান্নাকাটি শুনে এক পা, দুপা করে এগিয়ে যান সালেহা। কোলে তুলে নেন নবজাতককে। নাম রাখেন রূপবানী। মাতৃস্নেহে বড় করতে থাকেন তাকে। রূপবানী এখন সালেহার জীবনের চলার সঙ্গী। রূপবানীর হাত, পা অচল। ফলে কাঠের তৈরি গাড়িতে তাকে নিয়ে ঘোরেন সালেহা।
সালেহার স্বামী ছিলেন সোহরাব আলী। স্বামী শ্রমিকের কাজ করে সংসার চালাতেন। সংসার ভালোই চলছিল। প্রায় ১২ বছর আগে স্বামী তাঁর না-ফেরার দেশে চলে যান। চোখে অন্ধকার দেখতে থাকেন সালেহা। জীবিকার জন্য পথে নেমে পড়েন। বেছে নেন ভিক্ষা পেশা। ঠাঁই হয় রেলওয়ে স্টেশন এলাকায়। সালেহা এখন রূপবানীকে নিয়ে স্বপ্ন দেখেন। সে চিকিৎসায় ভালো হয়ে বড় হবে, লেখাপড়া শেখে মানুষের মতো মানুষ হবে।
সালেহা বলেন, সরকারি কোনো সাহায্য পাননি তিনি। ছিন্নমূল বলে কোনো সাহায্যের তালিকায় তাঁর নামও নেই। এমনকি তাঁর মেয়ে রূপবানীর ভাগ্যে জোটেনি কোনো প্রতিবন্ধী ভাতা। তিনি মারা গেলে রূপবানীর কী হবে, সে চিন্তা তিনি সারাক্ষণ করেন। প্রতিদিন ৭০-৮০ টাকা ভিক্ষা করে আসে সালেহার। এতে তাঁর ও রূপবানীর খাওয়াদাওয়া, কাপড়-চোপড় কিছুই হয় না। ফলে তাঁদের মাঝেমধ্যে অনাহারে-অর্ধাহারে রাত কাটাতে হয়। এই দুঃখের দিন কবে ফুরাবে তা তাঁরা জানেন না।
এ ব্যাপারে জানতে চাইলে সৈয়দপুর রেলওয়ে স্টেশনমাস্টার আবুল কাশেম বলেন, ‘কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুটিকে মায়ের আদরে লালন-পালন করছেন সালেহা। প্রতিবন্ধী হওয়ায় রূপবানী চলতে পারে না। তাই তাকে সারাক্ষণ গাড়িতে (কাঠের তৈরি) বসিয়ে স্টেশন এলাকায় ভিক্ষা করেন সালেহা। আমরা চাই, সরকারিভাবে যেন সালেহা সাহায্য পান। যাতে করে তিনি প্রতিবন্ধী মেয়েটিকে মানুষ করতে পারেন।’