প্রতিবন্ধী শনাক্তকরণ প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ
বরিশাল সদর উপজেলার ১০ ইউনিয়নে প্রতিবন্ধী শনাক্তরণ কাজে বরাদ্দ করা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিবন্ধীরা। যাতায়াতের জন্য অর্থ বরাদ্দ থাকলেও প্রতিবন্ধীদের নিজ খরচে এসে তালিকায় নাম নিবন্ধন করাতে হচ্ছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বেসরকারি সংস্থা (এনজিও) ও সমাজসেবা কর্মকর্তার যোগসাজশে ওই অর্থ আত্মসাৎ করা হচ্ছে।জাগুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ১০ বছরের বাক্প্রতিবন্ধী সাথী আক্তারের মা মাসুদা বেগম বলেন, ‘আমরা নিজেদের খরচে গিয়ে নাম লেখিয়েছি। কেউ কোনো টাকা-পয়সা দেয় নাই।’ শারীরিক-প্রতিবন্ধী মো. মিরাজের মা শিল্পী বেগম বলেন, ‘হুনছিলাম এহানে আওয়া-যাওয়ার ভাড়া দেবে। আমাগো ভাড়া দেয় নাই।’ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের আটটি উপজেলায় পাইলট প্রকল্পের একটি বরিশাল সদর উপজেলায় চলছে। সমাজসেবা অধিদপ্তর বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নে দুই হাজার ৭৬৬ জন প্রতিবন্ধীর প্রাথমিক একটি তালিকা তৈরি করেছে। এদের মধ্য থেকে পরীক্ষা-নিরীক্ষা করে প্রকৃত প্রতিবন্ধীদের তালিকা তৈরি করা হবে। ইতিমধ্যে সাতটি ইউনিয়নের এক হাজার ৩০০ প্রতিবন্ধীর নাম চূড়ান্ত তালিকাভুক্ত করা হয়েছে। বাকি তিনটি ইউনিয়নের কাজ চলছে।মঙ্গলবার বরিশাল প্রতিবন্ধী ফাউন্ডেশনে গিয়ে দেখা গেছে প্রতিবন্ধী ও তাঁদের অভিভাবকদের ভিড়। সেখানেও যাতায়াত খরচ না দেওয়ার অভিযোগ করেন রায়পাশা, কড়াপুর, চরকাউয়া, জাগুয়া, কাশিপুর, শায়েস্তাবাদ ইউনিয়নের প্রতিবন্ধীদের নিয়ে আসা অভিভাবকেরা। নাম প্রকাশ না করার শর্তে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের একাধিক কর্মকর্তা বলেন, প্রতিটি ইউনিয়ন থেকে প্রতিবন্ধীদের এক দিন আনা-নেওয়ার জন্য ১৯ হাজার টাকা বরাদ্দ করা হলেও ওই অর্থের একটি টাকাও দেওয়া হয়নি।প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের বিশেষজ্ঞ চিকিৎসক মাহফুজুর রহমান বলেন, ‘শরীরিক পরীক্ষা করানোর জন্য প্রতিবন্ধীদের এক দিন আমাদের সামনে উপস্থিত হতে হয়। তাঁদের আনা-নেওয়ার কাজে একটা বরাদ্দ রয়েছে, সমাজসেবার মাধ্যমে নির্ধারিত এনজিও কাজটি করে থাকে।’ কাশিপুর ও কড়াপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এনজিও সিএসআইডির সমন্বয়কারী মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মূল জরিপ ও অন্যান্য কাজ সমাজসেবা কার্যালয় করেছে। আমাদের শুধু প্রতিবন্ধীদের প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতি ইউনিয়নের জন্য ১৯ হাজার টাকা বরাদ্দ হলেও এখন পর্যন্ত টাকা দেওয়া হয়নি।’ চরবাড়িয়া ও চরকাউয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বরিশাল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ‘দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতে পারে। এ ছাড়া আমরা প্রতিবন্ধীদের আনা-নেওয়ার খরচ বহন করছি।’উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হেমায়েতউদ্দিন বলেন, ‘কাগজে-কলমে বরাদ্দ আছে, কিন্তু এখন পর্যন্ত ওই বরাদ্দের অর্থ দেওয়া হয়নি। নির্ধারিত এনজিও আনা-নেওয়ার কাজ করে বিল জমা দেওয়ার পর তাদের টাকা দেওয়া হবে। তারা কে কীভাবে আনা-নেওয়ার কাজ করছে তা বলতে পারব না।’