দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষক-শিক্ষার্থীদের ব্যঙ্গ ও মারধর করার প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্রদের সংগঠন ডিসঅ্যাবল স্টুডেন্টস সোসাইটি। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সংগঠনটি। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমি আক্তার।লিখিত বক্তব্যে বলা হয়, কিছুদিনের ব্যবধানে দেশের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষক-শিক্ষার্থীদের হেনস্তা করা হয়েছে, যা অত্যন্ত গর্হিত কাজ। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাত দিনের মধ্যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, অন্যথায় সংগঠনের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে নতুন নিয়োগ পাওয়া এক শিক্ষক প্রতিবন্ধীদের ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুযোগ দেওয়া অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন। ওই শিক্ষক হচ্ছেন মো. আনোয়ার হোসেন। এ ছাড়া ১৪ মে চট্টগ্রাম নগরের হাজী মুহম্মদ মুহসীন কলেজে উচ্চমাধ্যমিকের যুক্তিবিদ্যা পরীক্ষা চলাকালে তোফাতুর রাব্বি নামের এক প্রতিবন্ধী ছাত্রকে পরীক্ষার হল থেকে লাথি মেরে ফেলে দেওয়ার হুমকি দেন কক্ষ পরিদর্শক ও একই কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক সাইফুল করিম। এদিকে, গত বছরের ১৫ নভেম্বর ফেনীর সোনাগাজী থানার চরমজলিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকাকে মারধর করেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আবদুল মালেক ছৈয়াল, জ্যেষ্ঠ সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সোলায়মান বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন। একই প্রসঙ্গে যোগাযোগ করা হলে সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আমার বিরুদ্ধে কেন অভিযোগ উঠেছে, বুঝতে পারছি না।’