প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ অভিযুক্তকে মুক্ত করায় দুই প্রভাবশালী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গতকাল শনিবার শারীরিক প্রতিবন্ধী এক শিশুকন্যা (৫) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী এক যুবককে আটক করে পিটুনি দেয়। এলাকার প্রভাবশালী কয়েক ব্যক্তি ১০ হাজার টাকা জরিমানা নিয়ে ওই যুবককে ছেড়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জানতে পেরে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাহার হোসেন ওই এলাকায় ছুটে যান। নির্দেশ দেন ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের। পরে পুলিশ স্থানীয় প্রভাবশালী দুই ব্যক্তি মো. ভাসানী ও মো. শামীমকে আটক করে।এলাকাবাসী অভিযোগ করেন, ফতুল্লার এক পোশাকশ্রমিক গতকাল তাঁর ভাড়া বাসায় শারীরিক প্রতিবন্ধী ওই শিশুকে রেখে কাজে যান। দুপুর ১২টার পরে প্রতিবেশী ভাড়াটে যুবক রফিকুল ইসলাম ওই শিশুকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিত্কারে আশপাশের লোকজন গিয়ে রফিকুলকে আটক করে পিটুনি দেন। পরে এলাকার প্রভাবশালী কয়েক ব্যক্তি এসে রফিকুলকে উদ্ধার করেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে দুপুর দুইটার দিকে ওই বাসায় সালিস বৈঠক বসে। সালিসে এলাকার মো. শামীমসহ কয়েকজন ১০ হাজার টাকা জরিমানা নিয়ে রফিকুলকে ছেড়ে দেন। জরিমানার পুরো টাকা প্রভাবশালীরা আত্মসাৎ করেন।ইউএনও মোতাহার হোসেন বলেন, ‘প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ ও জরিমানা নিয়ে ধর্ষককে ছেড়ে দেওয়ার খবর পেয়ে বেলা সাড়ে তিনটার দিকে আমি ঘটনাস্থলে যাই। এ ব্যাপারে পুলিশকে ব্যবস্থা নিতে বলি।’ ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবনকান্তি সরকার দুজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করে গতকাল বিকেলে জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।