প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর এলাকায় ১৩ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে জাহাঙ্গীর আলম মুজাহিদ নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই আসামিকে দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৫-এর বিচারক তানজীনা ইসমাইল এসব আদেশ দেন।
এর মধ্যে ক্ষতিপূরণ হিসেবে ওই শিশুকে এক লাখ টাকা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। টাকা আদায় না হলে ওই আসামির সম্পত্তি থেকে টাকা আদায় করে ওই শিশুকে দিতে বলেছেন আদালত।
আসামি জাহাঙ্গীর আলম মুজাহিদ ওই মামলায় গ্রেপ্তার হলেও আদালত থেকে জামিন পেয়ে এখন তিনি পলাতক।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আসামি জাহাঙ্গীর আলম মুজাহিদ মিরপুর এলাকার ওই শিশুটির পিতার বাসায় সাবলেট হিসেবে থাকতেন। একদিন বাসায় কেউ না থাকায় সরলতার সুযোগ নিয়ে আসামি ওই শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ২০১৪ সালে ২ এপ্রিল মিরপুর থানায় ওই আসামির বিরুদ্ধে মামলা করেন। পরে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান মামলা তদন্ত করে আদালতে অভিযোগপত্র দেন। এ মামলায় ২০১৪ সালে ২৬ আগস্ট ওই আসামির বিরুদ্ধে বিচার শুরু হয়। এ মামলায় বাদীকে সহায়তা করেন জাতীয় মহিলা আইনজীবী সমিতি।
ওই সংগঠনটির আইনজীবী ফাহমিদা আক্তার ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আলী আজগর স্বপন প্রথম আলোকে বলেন, প্রতিবন্ধী এই শিশু দণ্ড পাওয়া আসামির অমানুষিক নির্যাতন ও ধর্ষণের শিকার হয়।