প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন
শেরপুরের নালিতাবাড়ীতে শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে (৯) ধর্ষণের দায়ে তৈয়ব আলী (৩৮) নামের এক রিকশাচালককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোছলেহ উদ্দিন আজ বৃহস্পতিবার দুপুরে এই দণ্ডাদেশ দেন। একই সঙ্গে আদালত ধর্ষণের শিকার শিশুটিকে ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা দিতে দণ্ডপ্রাপ্ত আসামিকে নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্ত তৈয়বের বাড়ি নালিতাবাড়ীর বনকুড়া গ্রামে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
আদালতে মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১ জুন দুপুরে আসামি তৈয়ব আলী আম দেওয়ার কথা বলে প্রতিবেশী প্রতিবন্ধী শিশুটিকে বনকুড়া গ্রামের একটি খালি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে তার মা ও প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে তৈয়ব আলীকে দেখতে পান। এ সময় তৈয়ব আলী তাঁর রিকশা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তৈয়ব আলীর বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা করেন। ২০১২ সালের ১৩ জুলাই পুলিশ তৈয়ব আলীকে গ্রেপ্তার করে।
রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ গোলাম কিবরিয়া ও আসামিপক্ষে সিরাজুল ইসলাম মামলাটি পরিচালনা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে পিপি গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, তাঁরা ন্যায়বিচার পেয়েছেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, আসামি চাইলে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।