প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন
শেরপুরের নালিতাবাড়ীতে প্রতিবন্ধী শিশুকে (৯) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোছলেহ উদ্দিন গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তির নাম মো. তৈয়ব আলী (৩৮)। তাঁর বাড়ি নালিতাবাড়ীর বনকুড়া গ্রামে। তিনি একজন রিকশাচালক। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আদালত আসামিকে ধর্ষণের শিকার শিশুটিকে ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেন। বিকেলে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১ জুন দুপুরে তৈয়ব আলী আম দেওয়ার কথা বলে শিশুটিকে বনকুড়া গ্রামের একটি খালি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটি চিৎকার দিলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এলে তৈয়ব আলী তাঁর রিকশা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তৈয়ব আলীর বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা করেন। ২০১২ সালের ১৩ জুলাই পুলিশ তৈয়ব আলীকে গ্রেপ্তার করে।