প্রতিবন্ধী শিশুদের কারুপণ্যের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অটিস্টিক, বুদ্ধি ও বহুমাত্রিক প্রতিবন্ধী কিশোর–কিশোরীদের বানানো পণ্য নিয়ে দৃক গ্যালারিতে গতকাল থেকে শুরু হয়েছে কারুশিল্প মেলা l ছবি: প্রথম আলো
অটিস্টিক, বুদ্ধি ও বহুমাত্রিক প্রতিবন্ধী কিশোর–কিশোরীদের বানানো পণ্য নিয়ে দৃক গ্যালারিতে গতকাল থেকে শুরু হয়েছে কারুশিল্প মেলা l ছবি: প্রথম আলো

হাসান আহমেদের বয়স ১২ বছর। শ্রবণপ্রতিবন্ধী। কথা বলতেও সমস্যা হয়। তবে সে সুন্দর সেলাই করে, কাপড়ে টাইডাই করে। চমৎকার ছবি আঁকে। বুদ্ধিপ্রতিবন্ধী জালাল নিজেই বলল, সে ভালো মোম বানাতে পারে। ওদের মতো ২৪ জন শিশু-কিশোরের তৈরি পণ্য নিয়ে শুরু হয়েছে কারুশিল্প মেলা। এরা সবাই অটিস্টিক, বুদ্ধি ও বহুমাত্রিক প্রতিবন্ধী শিশু।
গতকাল বুধবার রাজধানীর দৃক গ্যালারিতে তিন দিনব্যাপী এ মেলা শুরু হয়েছে। মেলার আয়োজন করেছে প্রতিবন্ধী শিশু-কিশোরদের নিয়ে কর্মরত বেসরকারি সংগঠন সীড। এতে পৃষ্ঠপোষকতা করেছে আইডিএলসি ফিন্যান্স লিমিটেড। মেলা চলবে ১১ মার্চ পর্যন্ত, প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।
মেলায় ২৪ জন কারুশিল্পী মোমবাটিকের লালের মধ্যে সাদা বাটিকের শার্ট ও কামিজ পরেছে। এই কাপড়েও তারা নিজেরাই রং করেছে। তাদের তৈরি করা শাড়ি পরেছেন তাঁদের শিক্ষকেরাও। গ্যালারিতে বসেই একেকজন আপন মনে পুঁতির মালা বানাচ্ছে। কাপড়ে ব্লক করছে। শাড়িতে সুই দিয়ে ফোঁড় তুলছে। গ্যালারি সাজানো হয়েছে তাদের তৈরি শাড়ি, ওড়না, মালাসহ বিভিন্ন পণ্য দিয়ে। এসব পণ্যের পাশেই ঝুলিয়ে রাখা হয়েছে তারা যখন পণ্যটি তৈরি করছিল সেই সময়ের ছবি।
সীডে গানের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন দৃষ্টিপ্রতিবন্ধী সমাপ্তি রায়। অনুষ্ঠানের শুরুতে ‘আমি কান পেতে রই’ রবীন্দ্রসংগীত গেয়ে তিনি আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। তারপর তাঁর কণ্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটির সঙ্গে কারুশিল্পীদের নিয়ে আমন্ত্রিত অতিথিরা প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন।
প্রতিবন্ধী শিশু-কিশোরদের সঙ্গে সংহতি প্রকাশ করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মো. বাবুল হাসান বলেন, ‘প্রতিবন্ধী শিশু-কিশোরেরা আমাদের সম্পদ। তাদের প্রতি আমাদের সরকারি ও বেসরকারি পর্যায়ের যে দায়বদ্ধতা আছে তা পূরণ করব। সমাজে তাদের আমরা সমানভাবে ঠাঁই দেব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী বলেন, এই কারুশিল্পীরা যে কী করতে পারে, তা তারা দেখিয়ে দিয়েছে। এদের আলাদা একটি মন আছে। তারা কাজের ভেতরে ডুবে যায়। চারপাশে কী হচ্ছে তা খেয়াল করে না। তাই কাজটা সুন্দর হয়।
এনজিওবিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক কে এম আবদুস সালাম প্রতিবন্ধী কারুশিল্পীদের তৈরি করা পণ্যের প্রশংসা করে বলেন, তাদের কাজ দেখলে অটিস্টিক, প্রতিবন্ধী শব্দগুলো আস্তে আস্তে ভুলে যেতে হবে।
সীডের নির্বাহী পরিচালক দিলারা সাত্তার বলেন, এই মেলার মধ্য দিয়ে সবাইকে জানানো সম্ভব যে এই ছেলেমেয়েরাও এ ধরনের কাজ করতে পারে। তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক শাহনাজ পারভীন, দৈনিক সমকাল-এর নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফি, আইডিএলসি ফিন্যান্সের উপমহাব্যবস্থাপক জিয়াউল হক খান, ফটোসাংবাদিক নয়ন কুমার আলোচনায় অংশ নেন।