প্রতিবন্ধী শিশুদের জন্য বিদ্যালয় নির্মাণের দাবি
প্রতিবন্ধী শিশুদের জন্য মুন্সিগঞ্জে একটি বিশেষ বিদ্যালয় নির্মাণের দাবি জানিয়েছেন তাদের অভিভাবকেরা। গতকাল শুক্রবার বেলা ১১টায় মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় হাজী আমজাদ আলী কলেজ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় ওই দাবি জানানো হয়।
প্রথম আলো বন্ধুসভা মুন্সিগঞ্জ শাখার আয়োজনে ওই সভায় দেড় শতাধিক প্রতিবন্ধী শিশু-কিশোর ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশু-কিশোরেরা আবৃত্তি, গানসহ নানাভাবে তাদের প্রতিভা প্রকাশ করে।
অনুষ্ঠানে অভিভাবকেরা প্রতিবন্ধী শিশুদের নিয়ে তাঁদের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের বক্তব্য দেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি, আমজাদ আলী কলেজের অধ্যক্ষ সাদেক আলী সরকার, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পরিচালক আবদুল্লাহ আল মামুন, অভিভাবক বরেন্দ্র আচার্য, জেলা বন্ধুসভার সভাপতি সালমা মুস্তারী প্রমুখ।