শুরুতেই দ্বৈত নৃত্য ‘চুড়ির তালে নড়ি বাজে’। এই শিশুরা প্রতিবন্ধী। তারাও যে প্রতিভাবান হয়ে উঠতে পারে, সেই প্রমাণ তারা দিয়েছে অনুষ্ঠানে। অনুষ্ঠানজুড়েই তাদের নানা পরিবেশনা। দর্শকসারিতেও ছিল তাদের সরব ও আনন্দময় উপস্থিতি। গতকাল সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত প্রতিভাবান প্রতিবন্ধী শিশু-কিশোরদের সাংস্কৃতিক এই অনুষ্ঠান পরিণত হয়েছিল আনন্দ উৎসবে।সন্ধ্যায় একাডেমীর জাতীয় নাট্যশালায় এই অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা। একাডেমীর প্রযোজনা বিভাগের পরিচালক জাকির হোসাইনের সভাপতিত্বে এই পর্বের আলোচনায় অংশ নেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বেগম কামরুন নেসা খানম, যুগ্ম সচিব নাসিমা বেগম এবং জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব জহিরুল ইসলাম।দর্শক অপেক্ষায় ছিলেন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। সেই অপেক্ষার অবসান ঘটল প্রতিবন্ধী শিশুদের নানা পরিবেশনা দিয়ে। সুইড বাংলাদেশের প্রতিবন্ধী শিশুদের দলীয় নৃত্য, হাই কেয়ারের শ্রবণ ও বাকপ্রতিবন্ধী শিশুদের ফ্যাশন শো মুগ্ধ করে সবাইকে। সিআরপির শারীরিক প্রতিবন্ধী শিশুরা ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’, কর্মযোগ সমাজসেবা সমিতির শিশুরা ‘সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী’ গানের সংগে দলীয় নৃত্য, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শিশুরা দেশের গান ‘আমারও দেশের মাটির গন্ধে’ এবং সোয়াকের অটিস্টিক শিশুরা ‘মাগো ভাবনা কেন’ গানটি পরিবেশন করে। সিএসআইডির প্রতিবন্ধী রিয়াজ হোসেন ‘বন্ধে মায়া লাগাইছে’ গানটি এককভাবে পরিবেশন করে মাতিয়ে তোলে পুরো আয়োজন। দর্শকেরা মুহুর্মুহু করতালিতে তাদের উৎসাহিত, অনুপ্রাণিত করেন। সবশেষে ঢাকা বধির হাইস্কুলের শ্রবণ ও বাকপ্রতিবন্ধী শিশুরা স্বাধীনতার ওপর একটি নাটক পরিবেশন করে। অনুষ্ঠানে দেশের ৯৩ জন প্রতিবন্ধী শিশু-কিশোর তাদের বিভিন্ন পরিবেশনায় মিলনায়তন মাতিয়ে রেখেছিল।১০০ বছরের শাড়ির বিবর্তনউপমহাদেশের গত ১০০ বছরের শাড়ির বিবর্তন নিয়ে বিশেষ ফ্যাশন শোর আয়োজন করা হচ্ছে ১ এপ্রিল। পুরান ঢাকার আহছান মঞ্জিলে অনুষ্ঠিত হবে এ প্রদর্শনী। সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেসের সহযোগিতায় এই আয়োজন করেছে ফ্যাশন হাউস বাই দেশী। গতকাল সোমবার গুলশানে এক সংবাদ সম্মেলনে এই আয়োজনের কর্মসূচি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের মুখ্য যোগাযোগ কর্মকর্তা মাসরুর আরেফীন, ব্র্যান্ড বিভাগের প্রধান নাজমুল করিম, শিল্পী শাকিলা জাফর, ফ্যাশন ডিজাইনার তুতলী রহমান প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, যুগের পর যুগ জয় করে শাড়ি আজও বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতির সবচেয়ে আকর্ষণীয় উপাদান হয়ে আছে। বর্তমান প্রজন্মের কাছে শাড়ির গৌরবময় ঐতিহ্য তুলে ধরার জন্য এই আয়োজন।বাঙালি সমগ্র জাদুঘরে প্রদর্শনীবাঙালি সমগ্র জাদুঘরে চলছে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বিভিন্ন দুর্লভ নিদর্শনের বিশেষ প্রদর্শনী। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন। এ উপলক্ষে প্রকাশিত বাঙালির স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধ এবং শহীদজননী জাহানারা ইমাম বই দুটির আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। প্রদর্শনী চলবে ৩১ মার্চ পর্যন্ত। নাচে গানে কৃতী নারী সম্মাননাঢাকঢোলের বাদ্য শুনে বিকেলবেলা ধানমন্ডি লেকে বেড়াতে আসা অনেকেই উপস্থিত হয়েছিলেন রবীন্দ্রসরোবর মঞ্চে। সোমবার বিকেলে এখানে ছিল কৃতী নারীদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা ডেভেলপমেন্ট ফোরাম আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে তাদের প্রচারণা কর্মসূচির সমাপনী দিনে এই আয়োজন করে। অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংসদ তারানা হালিম, রেখা সাহা, কাজী বেবি, এ কে এম সুজাউর রহমান ও মাহমুদুর রহমান।শুরুতেই ছিল দেশি বাদ্যযন্ত্রের সমবেত বাজনা। কৃতী নারী হিসেবে নারী অধিকার আন্দোলনের জন্য বেলা নবী, সাহিত্যে সেলিনা হোসেন ও নারী মুক্তিযোদ্ধা শিরিন বানুকে সম্মাননা দেওয়া হয়। পরে তামান্না রহমান ও তাঁর দল পরিবেশন করে ‘যুগে যুগে নারীর অবদান’ গানের সঙ্গে নৃত্য। ভাওয়াইয়া পরিবেশন করেন মোস্তাফিজুর রহমান, সালমা মোস্তাফিজ ও মনিফা মোস্তাফিজ। তাঁরা ‘মুসলিম নারীশিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া’, ওকি গাড়িয়াল ভাই’ গেয়ে শোনান। শেষে ছিল তামান্না রহমান ও তাঁর দলের শিল্পীদের নাচের সঙ্গে মোমবাতি প্রজ্বালন।কলকাতায় মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনকলকাতা প্রতিনিধি জানান, বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র নিয়ে কলকাতায় উৎসব শুরু হয়েছে। সোমবার কলকাতার গোর্কি সদনে বাংলাদেশের হূদয় হতে নামের এই উৎসবের উদ্বোধন করেন ভারতের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন।উৎসবে মুক্তিযুদ্ধবিষয়ক সাতটি চলচ্চিত্র দেখানো হবে। চলবে ১ এপ্রিল পর্যন্ত। উদ্বোধনী দিনে দেখানো হয় হুমায়ূন আহমেদের ছবি শ্যামল ছায়া। উদ্বোধনী অনুষ্ঠানে মৃণাল সেন বলেন, ‘এই উৎসব বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আবার নতুন করে স্মরণ করিয়ে দেবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাশিয়ার ভাইস কনসাল আলেকসান্দার মাজিকা, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার সৈয়দ মাসুদ মোহাম্মদ খোন্দকার, অভিনেত্রী মাধবী চক্রবর্তী, ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, গায়িকা রেজওয়ানা চৌধুরী বন্যা প্রমুখ।