প্রতিবন্ধী শিশুদের ব্যতিক্রমী বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ীতে শ্রবণ ও বাকপ্রতিবন্ধী শিশুদের জন্য একটি ব্যতিক্রমধর্মী বিদ্যালয় স্থাপন করা হয়েছে। ইশারার বদলে এখানে কথা বলা, নিত্যপ্রয়োজনীয় পণ্য চেনানোর পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া হচ্ছে। এখানে লেখাপড়া করতে কোনো টাকা লাগে না।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এই বিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে পাঁচ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেছে এবং কথা বলতে পারছে। এরা হচ্ছে উপজেলার সুজাপুরের মুত্তাকীন আহমেদের ছেলে রায়হান (১২), বাসুদদেবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রেজাউল করিম (১১), চকচকা গ্রামের সাদেকুল ইসলামের ছেলে সাফিন আহমেদ (১০), গৌরিপাড়ার শাহ মোহাম্মদ আবদুল কুদ্দুসের ছেলে শিহাব (১৩) ও একই এলাকার আমিনুল ইসলামের ছেলে আসাদ (১২)। শিহাব গত বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪ দশমিক ৫২ পেয়েছে।
সাফিন আহমেদের মা শিরীন আক্তার জানান, তিনি তাঁর ছেলেকে দিনাজপুর, রংপুরসহ আশপাশের জেলার প্রতিবন্ধী শিশুদের জন্য গড়া কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে যান। ওই প্রতিষ্ঠানগুলোতে ইশারা ও অঙ্গভঙ্গির মাধ্যমে কারিগরি শিক্ষা দেওয়া হয়। সেখানে মুখে কথা বলা বা প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা নেই। ফুলবাড়ীর এই প্রতিষ্ঠানে ইশারা নয়, সরাসরি মুখ দিয়ে কথা বলা ও লেখাপড়া শেখানো হয়। তিনি আরও জানান, তাঁর ছেলে আগে কোনো কথা বলতে পারত না। ওই প্রতিষ্ঠান থেকে শিক্ষা নেওয়ার পর তাঁর ছেলে মা-বাবাসহ বেশ কিছু শব্দ স্পষ্টভাবে উচ্চারণ করতে পারে। তবে বড় বড় শব্দ উচ্চারণ করতে সমস্যা হয়।
জানা গেছে, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী মোশাররফ হোসেন বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এর নাম দেওয়া হয়েছে হাইকেয়ার স্কুল। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয় ভবনের কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে এই বিদ্যালয়ের কার্যক্রম চালানো হচ্ছে। এখানে বর্তমানে তিনজন শিক্ষক ও ২৯ জন শিক্ষার্থী আছে। প্রতিষ্ঠাতা এবং স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর আর্থিক সহায়তায় বিদ্যালয়টি চলে। এখানের পাঠদান পদ্ধতি একেবারেই আলাদা। কানে হিয়ারিং-এইড যন্ত্র বসিয়ে পাঠদান করা হয়। এই পদ্ধতিতে মুখ ও চোখের দিকে তাকিয়ে একজন কী বলছে তা বাচ্চারা বুঝতে পারে। চিত্রের মাধ্যমে শিশুদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সম্পর্কে ধারণা দেওয়া হয়। বিশেষ ধরনের বোর্ডে অক্ষর লিখে বাচ্চাদের শেখানো হয়। এখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের একটি কক্ষের মেঝেতে ১০ জন শিশু বসে আছে। সবার কানে হিয়ারিং-এইড (কানে শোনার যন্ত্র) লাগানো। একজন শিক্ষক পাঠদান করছেন। শিরীন আক্তার নামের এক শিক্ষক জানান, শিক্ষার্থীদের প্রথমে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ ও গৃহস্থালিসামগ্রী চেনানো হয়। এরপর কথা বলা ও লেখাপড়া শেখানো হয়।
প্রধান শিক্ষক শবনম মোস্তারী জানান, এখানে লেখাপড়া করতে আসা অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র। তারা টাকার অভাবে নিয়মিত বিদ্যালয়ে আসতে পারে না। শিশুদের বিদ্যালয়ে আসা ও যাওয়ার যাতায়াত ভাড়াও বিদ্যালয়ের তহবিল থেকে দেওয়া হয়। বিদ্যালয় চালাতে প্রতি মাসে ১২ হাজার টাকা খরচ হয়। পরিচালনা কমিটির ১১ জন সদস্য এই টাকা দেন। প্রতিষ্ঠাতাও কয়েক মাস পর পর কিছু টাকা দেন।
শাহ মো. আবদুল কুদ্দুস জানান, হাইকেয়ার স্কুলে তিন বছর লেখাপড়া করে তাঁর ছেলে শিহাব গত বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পাস করে জিএম পাইলট উচ্চবিদ্যালয়ে ভর্তি হয়েছে। অবহেলা না করে প্রতিবন্ধী শিশুদের যথাযথ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে পরলে তারা অন্তত পরিবারের বোঝা হবে না।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন জানান, বিদেশে থাকলেও মনটা দেশে পড়ে থাকে। প্রত্যেকের উচিত সামর্থ্য অনুযায়ী অসহায় ও সুবিধাবঞ্চিতদের সহায়তা করা। প্রতিবন্ধীরা দেশ, সমাজ ও পরিবারের বোঝা নয়। উপযুক্ত ব্যবস্থা নিলে অবশ্যই তারা দেশের জন্য ভালো কিছু করতে পারবে।