প্রতিবন্ধী শিশুর দিকে নজর দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধী শিশুরা কী পারে না, সে কথা চিন্তা না করে তারা কী করতে পারে, সেদিকে নজর দিলে প্রতিবন্ধী শিশুর পাশাপাশি পুরো সমাজেরই উপকার হবে। তাই প্রতিবন্ধী শিশুদের যোগ্যতা এবং সম্ভাবনার দিকে নজর দিয়ে সমন্বিতভাবে কার্যক্রম হাতে নিতে হবে।

জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) ‘বিশ্ব শিশু পরিস্থিতি ২০১৩’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনটির মূল বিষয় ‘প্রতিবন্ধী শিশু’।

 গতকাল রোববার নগরের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি নুরুল ইসলাম নাহিদ বলেন, বিশ্বব্যাপী প্রতিবন্ধী শিশুদের নিয়ে ইউনিসেফ যে প্রতিবেদনটি প্রকাশ করেছে, তা কাজের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতিবন্ধী শিশুদেরও সমান সুযোগ ভোগ করার অধিকার আছে। এই শিশুদের অধিকার বাস্তবায়নে সরকার দায়বদ্ধ। এই শিশুদের বিশেষ চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে, যাতে এই শিশুরা যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

প্রতিবেদনটিতে কীভাবে প্রতিবন্ধী শিশুরা সমাজের বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারে, তা দেখানো হয়েছে। তবে এ প্রতিবেদনেও বিশ্বব্যাপী প্রতিবন্ধী শিশুর সংখ্যা আসলে কত তার তথ্য নেই। প্রতিবেদনে ২০০৪ সালের এক হিসাব উল্লেখ করে জানানো হয়েছে, বিশ্বে প্রায় নয় কোটি ৩০ লাখ শিশু কোনো না-কোনো ধরনের প্রতিবন্ধিতার শিকার। সে হিসাবে ১৪ বছর বা তারও কম বয়সের প্রতি ২০ জনের মধ্যে একজন প্রতিবন্ধী শিশু।

গতকালের অনুষ্ঠানের বিশেষ অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক সংখ্যা জানার জন্য দেশব্যাপী প্রতি ঘরে ঘরে জরিপ চালাচ্ছে সরকার। আগামী অক্টোবর-নভেম্বরে এ জরিপের চূড়ান্ত ফলাফল জানা সম্ভব হবে।

অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশু মাফিয়া আক্তার এবং রাকিব তাদের জীবনের কাহিনি তুলে ধরে। মাফিয়া অস্পষ্ট উচ্চারণে শিক্ষায় তাদেরও সমান সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।

বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি প্যাসকেল ভিলেনোভ বলেন, বাংলাদেশ সরকার জাতিসংঘের শিশু অধিকার সনদ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষার জন্য যে সনদ, তাতে অনুস্বাক্ষর করেছে। এই দুটি সনদেই প্রতিবন্ধী শিশুদের অধিকারের কথা বলা আছে। তবে বাংলাদেশে এখনো প্রতিবন্ধী শিশুদের প্রতি বৈষম্য কমেনি।

অনুষ্ঠানে ইউনিসেফের যোগাযোগ ব্যবস্থাপক আরিফা এস শারমিন বার্ষিক প্রতিবেদনের গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরেন। তিনি বলেন, শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে প্রতিবন্ধী শিশুদের চোখের আড়ালে বা অদৃশ্য করে রাখা হয়। আর অদৃশ্য বলেই তথ্য-উপাত্ত বা নীতিতে এই শিশুদের জায়গা হয় না। পরিবারের এই শিশুরা বৈষম্যের শিকার।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা পাওয়া অথবা বিদ্যালয়ে যাওয়ার সুযোগ সবচেয়ে কম। এরা অত্যাচার, নির্যাতন, শোষণ এবং অবহেলার সবচেয়ে বড় শিকার। প্রতিবন্ধী মেয়েরা প্রতিবন্ধী ছেলেদের তুলনায় খাদ্য ও যত্ন কম পায়।

প্রতিবেদন অনুযায়ী, প্রতিবন্ধী নয় এমন শিশুদের তুলনায় প্রতিবন্ধী শিশুদের সহিংসতার শিকার হওয়ার ঝুঁকি ৩ দশমিক ৭ গুণ বেশি। যৌন হয়রানির শিকার হওয়ার ঝুঁকি ২ দশমিক ৯ গুণ বেশি।

প্রতিবেদনে প্রতিবন্ধী শিশুদের প্রতি বৈষম্য কমানোর জন্য প্রতিবন্ধী শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলা, শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া এবং সার্বিকভাবে সচেতনতা তৈরির বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিবন্ধী কিশোর-কিশোরীদের জন্য কোনো নীতি বা কার্যক্রম প্রণয়নে এই শিশুদের মতামত নিতে পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনটিতে।