প্রতিবন্ধী শিশুর সাফল্য মা-বাবা দুশ্চিন্তায়
বাক ও শ্রবণপ্রতিবন্ধী শিশু আকলিমা প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় পাস করেছে। সহপাঠী স্বাভাবিক শিশুদের সঙ্গে প্রতিযোগিতা করে আকলিমার এই সাফল্য পাড়ার মানুষের মুখে হাসি ফুটিয়েছে। কিন্তু শিক্ষার আলো থেকে বঞ্চিত আকলিমার মা-বাবা মেয়ের এই সাফল্য নিয়ে চিন্তিত। কারণ, তাঁদের কাছে মেয়ের এই সাফল্যের মানেই হচ্ছে টানাটানির সংসারে খরচের আরও একটি খাত উন্মুক্ত হওয়া।
আকলিমা নান্দাইল পৌরসভার ৮১ নম্বর সুতারাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র প্রতিবন্ধী শিক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিউর রহমান আকন্দ বলেন, ‘আকলিমা কানে শুনতে পায় না। কথা বলতে পারে না। জন্ম থেকেই তার এই অবস্থা। এ রকম একজন শিক্ষার্থীর উপযোগী শিক্ষা শ্রেণীকক্ষে তাকে দেওয়া সম্ভব হয়নি। তার পরও ইশারা-ইঙ্গিতে যতটুকু পারা যায়, বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রচণ্ড ইচ্ছাশক্তির জোরে মেয়েটি এত দূর আসতে পেরেছে।’
নান্দাইল পৌরসভার ঝাউগড়া গ্রামের আবুল কালাম ও ফাতেমা বেগম দম্পতির বড় মেয়ে আকলিমা। মা-বাবা জানান, জন্মের পর থেকেই মেয়েটি প্রতিবন্ধী। কিন্তু ছোটবেলা থেকেই বইয়ের প্রতি তার প্রচণ্ড আকর্ষণ।
বিদ্যালয়সূত্রে জানা যায়, আকলিমা জিপিএ-২ দশমিক ৭৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এটাই এবারে বিদ্যালয়ের সবচেয়ে ভালো ফল।
২১ নভেম্বর প্রথম আলোতে প্রাথমিক সমাপনী পরীক্ষায় আকলিমার অংশগ্রহণ নিয়ে ‘বলা নেই শোনা নেই/আছে শুধু লেখাপড়া’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।