স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়। তারা উপযুক্ত পরিবেশ, যত্ন, সামাজিক ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বিশ্বের কল্যাণে অবদান রাখতে পারবে।
গতকাল শুক্রবার রাতে কক্সবাজারের একটি হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার অ্যান্ড অটিজম (আইপিএনও) ও ইন্টারন্যাশনাল চাইল্ড নিউরোলজি অ্যাসোসিয়েশন (আইসিএনএ) এই সেমিনারের আয়োজন করেছে। সেমিনারের মূল প্রতিপাদ্য: ‘শিশু স্নায়ুরোগ ও বিকাশজনিত সমস্যা মোকাবিলায় আন্তর্জাতিক মানসম্পন্ন সেবার ক্ষেত্রে যথাযথ দক্ষতা অর্জন।’
সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সীমিত সম্পদ সত্ত্বেও প্রতিবন্ধী মানুষের কল্যাণে সরকার প্রচুর কর্মসূচি নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান। এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি মো. শহিদুল্লাহ, আইসিএনএর প্রতিনিধি অধ্যাপক প্রতিভা সিঙ্গি। সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেন, এই সম্মেলনের মাধ্যমে চিকিৎসকেরা অটিজম ও স্নায়ুবিকাশজনিত সমস্যা বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবেন।
স্বাস্থ্যসচিব সিরাজুল ইসলাম বলেন, অটিজম ও স্নায়ুবিকাশজনিত সমস্যায় রোগনির্ণয় থেকে শুরু করে রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা—সব ক্ষেত্রে মানসম্মত সেবা প্রদানে দরকার দক্ষ ও প্রশিক্ষিত জনবল এবং অত্যাধুনিক প্রযুক্তিগত সুবিধা। এ ধরনের আন্তর্জাতিক শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে দেশের চিকিৎসকেরা তা অর্জন করতে পারবেন।
স্বাগত বক্তব্যে আইসিএনএর পরিচালক অধ্যাপক শাহীন আখতার বলেন, অটিস্টিক শিশুদের বোঝা না ভেবে তাদের উন্নয়নে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। আয়োজকেরা বলেন, সেমিনারে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, ভারত ও তুরস্কের ১১ জন বক্তা আলোচনা করবেন।