প্রতিবন্ধী সেই শিশুটির আশ্রয় জুটেছে ঢাকার দুর্জয় নারী সংঘে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধার হওয়ার ১৫ দিন পর বাক্প্রতিবন্ধী সেই শিশুটির আশ্রয় মিলেছে ঢাকার মোহাম্মদপুরের দুর্জয় নারী সংঘে। আখাউড়ার বড়বাজারের মোহাম্মদ আলীর অনুরোধে দুর্জয় নারী সংঘের পরিচালক হাজেরা বেগম গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে গ্রহণ করেন। সূত্র জানায়, এ সংঘে দুই থেকে ১১ বছর বয়সী প্রায় ৩৬ জন শিশু রয়েছে। এর মধ্যে অধিকাংশ শিশুর শুধু মায়ের পরিচয় জানা গেছে। হাজেরা বেগম বলেন, প্রতিবন্ধী শিশুটিকে গ্রহণের পর সংঘের অন্য শিশুরা তার নাম রাখে স্বপন। ২৩ ডিসেম্বর সকালে আখাউড়া পৌরশহরের লালবাজারে ঘোরাফেরা করার সময় প্রতিবন্ধী ওই শিশুটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে। মোহাম্মদ আলী তাঁর বাড়িতে শিশুটিকে আশ্রয় দেওয়ার পর ২৮ ডিসেম্বর এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ৪ জানুয়ারি শিশুটির ছবিসহ প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশ করা হয়। কিন্তু শিশুটির প্রকৃত অভিভাবক তার খোঁজ করেননি।