প্রতিবন্ধী হওয়ায় নিয়োগ পেলেন না মনোজ!
কোনো করুণা নয়, মেধার ভিত্তিতে নিয়োগপত্র পাওয়ার পরও কাজে যোগদান করতে পারলেন না শারীরিক প্রতিবন্ধী মনোজ বিশ্বাস। পল্লী বিদ্যুত্ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিবন্ধী কোটায় নিয়োগ পরীক্ষা দিয়ে নিয়োগপত্র পাওয়ার পর কাজে যোগদান করতে গেলে তাঁকে যোগদান করতে দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।জানা গেছে, মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতি ওয়্যারিং পরিদর্শকের শূন্যপদ পূরণের জন্য ২০০৮ সালের ১৮ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিবন্ধী কোটায় দরখাস্ত করেন বরিশাল বিএম কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র গোপালগঞ্জের কোটালীপাড়া নিবাসী মনোজ বিশ্বাস। এরপর গত বছর ঢাকায় লিখিত এবং মুন্সিগঞ্জে মৌখিক পরীক্ষা দেন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে গত বছরের ৮ নভেম্বর তাঁকে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুত্ সমিতিতে যোগদান করার জন্য নিয়োগপত্র দেওয়া হয়, যার স্মারক নম্বর বিবি-পবিস/১০০.২৩/২০০৯/৪৩২৯। মনোজ বিশ্বাস প্রথম আলোকে জানান, নিয়োগপত্র প্রাপ্তির পর শর্তানুযায়ী গত বছরের ১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুত্ কার্যালয়ে যোগদান করতে গেলে সহকারী মহাব্যবস্থাপক (সাধারণ সেবা) গাওসেল আজম ওই পদে এমন প্রতিবন্ধীর নিয়োগ দেওয়া সম্ভব নয় বলে জানান। পরবর্তীকালে মনোজ মহাব্যবস্থাপক শিবুলাল বসুর কাছে গেলে তিনিও যোগদানপত্র গ্রহণ না করে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সিদ্ধান্ত নিয়ে যোগদানের বিষয়টি পরে জানাবেন বলে জানান। এর পর থেকে মনোজকে ওই পদে নিয়োগের আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুত্ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (সাধারণ সেবা) গাওসেল আজম বলেন, যে পদে তাঁর নিয়োগ হয়েছে, সে পদে তিনি উপযুক্ত নন। তবে লিখিত ও মৌখিক পরীক্ষায় কেন বাদ দেওয়া হয়নি জানতে চাইলে তিনি বলেন, ‘পরীক্ষা ও নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় কার্যালয়। তারা বিষয়টি কেন দেখেনি, তা বলতে পারব না। তবে আমরা বিষয়টি কেন্দ্রীয় কার্যালয়কে জানিয়েছি।’