প্রতিবন্ধী হনুফাকে নিয়ে বিপাকে রোকেয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবন্ধী হনুফা
প্রতিবন্ধী হনুফা

এক বছর আগে প্রতিবন্ধী কিশোরী হনুফা ওরফে মঞ্জিলাকে (১৬) পেয়েছিলেন রোকেয়া বেগম। অভাবের সংসারে বাড়তি খরচের কথা ভেবেও হনুফাকে আগলে রেখেছেন রোকেয়া। কিন্তু এবার তিনি হনুফাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে চান। কিন্তু ঠিকানা না জানায় বিপাকে পড়েছেন।
রোকেয়া বেগম (৪৮) ফরিদপুর সদরের রঘুনন্দরপুর এলাকার বাসিন্দা। তিনি শহরের একটি হিমাগারে সর্দার হিসেবে কাজ করেন। তাঁর স্বামী জলিল মোল্লা (৫৫) দিনমজুর। সন্তানেরা কেউ তাঁদের সঙ্গে থাকে না।
রোকেয়া বেগম প্রথম আলোকে বলেন, তিনি গত বছর জুন মাসে হনুফাকে পান। ওই দিন ভোরে তিনি বাসায় রান্না করছিলেন। হনুফা তাঁদের পাশের বাড়িতে গিয়ে ওঠে। তখন তার শরীরে কোনো কাপড় ছিল না। পাশের বাড়ির লোকজন দূর দূর করে তাকে তাড়িয়ে দেয়। তখন তিনি হনুফাকে বাড়ি নিয়ে আসেন।
রোকেয়া বলেন, এখন তাঁরা হনুফাকে তার মা-বাবার হাতে তুলে দিতে চান। কিন্তু হনুফা ঠিকমতো কথা বলতে পারে না। সে তার পরিবারের কোনো ঠিকানা বলতে পারছে না।
হনুফা বলেছে, তার বাবার নাম হানিফ ও মায়ের নাম সালেহা। তার বাড়ি চরআইচা মৃধাবাড়ি। সৎমা তাকে মারধর করত। তিনিই তাকে মেরে লঞ্চে উঠিয়ে দেন। কিন্তু হনুফার এ কথা থেকে বোঝার উপায় নেই তার বাড়ি কোথায় বা কোন ঘাট থেকে তাকে লঞ্চে উঠিয়ে দেওয়া হয়।
রোকেয়া বলেন, এক বছরে হনুফা তাঁর পরিবারের একজন সদস্যই হয়ে গেছে। কিন্তু তারপরও তিনি তাকে ফিরিয়ে দিতে চান। তাঁর স্বামী আর তিনি প্রতিদিন কাজে যান। তখন সে একা বাসায় থাকে। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, এ নিয়ে তাঁরা সব সময় দুশ্চিন্তায় থাকেন। তাঁরা হনুফাকে তার পরিবারের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চান।