প্রতিবন্ধী হলেও ২০ মিনিট সময় বেশি নেয় না নাদিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মগতভাবে নাদিয়া সুলতানার দুই হাত ও দুই পায়ের নিচের অংশ খুবই সরু। শরীরের বাকি অংশ স্বাভাবিক। তাতে কী? লেখাপড়ার জন্য তার অদম্য ইচ্ছা আর মায়ের সহযোগিতায় এবার সে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিয়েছে। নাদিয়া ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের কাতারপ্রবাসী নুর আহম্মদের মেয়ে এবং গ্রামের মধুপুর উচ্চবিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী। পরীক্ষাকেন্দ্র ফেনী সদর উপজেলার গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ে, বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। প্রতিদিন সিএনজিচালিত ট্যাক্সিতে করে তার মা ফরিদা ইয়াসমিন তাকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যান। ট্যাক্সি থেকে কোলে করে পরীক্ষার হলে নিয়ে বসিয়ে দেন। নাদিয়া সুলতানা পরীক্ষার হলে যে টেবিলে বসে সে টেবিলের ওপর পা তুলে এক হাতের অচল আঙুলের ফাঁকে কলম ঢুকিয়ে এবং এক পায়ের আঙুলের ফাঁকে কলম দিয়ে হাত ও পা একসঙ্গে করে লিখে থাকে। গতকাল বুধবার সাধারণ বিজ্ঞানের পরীক্ষা হয়েছে। ইতিমধ্যে ৮০০ নম্বরের পরীক্ষা শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার তার শেষ পরীক্ষা। নাদিয়ার মা ফরিদা ইয়াসমিন জানান, তাঁদের মেয়ে জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। তিন-চার বছর বয়স থেকে সে বই দেখলেই তাকিয়ে থাকত। অন্যদের সঙ্গে পড়তে চাইত। কলম দিলে ধরে লেখার চেষ্টা করত। একসময় অন্যদের সঙ্গে শুনে শুনে পড়তে থাকে। তিন ছেলেমেয়ের মধ্যে নাদিয়া সবার বড়। হুইলচেয়ারে করে তাকে স্কুলে আনা-নেওয়া করা হয়। লেখাপড়ার প্রতি মেয়ের প্রবল আগ্রহ, সে কারণে তাঁর নিজেরও কষ্ট মনে হয় না। পরীক্ষাকেন্দ্রের সচিব ও গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক জানান, শারীরিক প্রতিবন্ধী হিসেবে নাদিয়াকে ২০ মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু বাড়তি সময় সে নেয় না। অন্যদের মতো সে-ও তিন ঘণ্টার মধ্যে লেখা শেষ করে খাতা জমা দেয়। গতকাল বুধবার সাধারণ বিজ্ঞান পরীক্ষা শেষে নাদিয়ার পরীক্ষা কেমন হয়েছে জানতে চাইলে সে প্রথম আলোকে বলে, তার সব বিষয়ের পরীক্ষা ভালো হয়েছে।