প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলায় অজ্ঞাতপরিচয় এক বাকপ্রতিবন্ধী ব্যক্তিকে (৫০) পিটিয়ে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছেন। গতকাল সোমবার সকালে নলছিটি উপজেলার রামচন্দ্রপুর সুতালড়ি সেতু-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।আটক যুবকের নাম আবুবক্কর সিদ্দিক (৩০)। তিনি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার তিনঘরিয়া গ্রামের রাশেদ শেখের ছেলে।স্থানীয় ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক জানান, ওই বাকপ্রতিবন্ধী ব্যক্তি বেশ কিছুদিন ধরেই ভৈরবপাশা ও সুতালড়ি গ্রামে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছিলেন। গতকাল সকালে তিনি বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়ক দিয়ে রামচন্দ্রপুর সুতালড়ি সেতু এলাকায় পৌঁছালে আবুবক্কর সিদ্দিক অতর্কিত তাঁর ওপর হামলা চালান। তিনি তাঁকে প্রথমে পিটিয়ে এবং পরে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। একপর্যায়ে আশপাশের লোকজন আবুবক্কর সিদ্দিককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।