প্রতিবন্ধীকে বন্ধ্য করিয়ে ‘টার্গেট পূরণ’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন জায়গায় বিয়ের কথাবার্তা চলছিল। পশ্চিমের ঘরটা মেরামত হলেই হয়তো বিয়ের পিঁড়িতে বসতেন সোবহান আলী (২৮)। কিন্তু তা আর হলো না। এমনিতে তিনি বুদ্ধিপ্রতিবন্ধী। তার ওপর স্থায়ীভাবে বন্ধ্যকরণ করিয়ে দেওয়ায় সোবহানের বিয়ের সব সম্ভাবনা শেষ হয়ে গেল।একমাত্র ছেলের এই সর্বনাশের খবর শুনে বৃদ্ধ বাবা সোহরাব আলী (৭০) ও মা সোমলা খাতুন (৫৫) অসুস্থ হয়ে পড়েছেন। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাহাড়গাঞ্জানা গ্রামে গত ২৯ মার্চ এ ঘটনা ঘটে।সোবহান আলী জানান, গত ২৯ মার্চ দুপুরে পাশের মাকড়াই বাজারে যাওয়ার সময় রাস্তায় তাঁর সঙ্গে মাকড়াই গ্রামের পরিবার পরিকল্পনাকর্মী ফাতেমা বেগমের দেখা হয়। ফাতেমা তাঁকে বিয়ে করিয়ে দেবেন বলে ধলাপাড়া বাজারে নিয়ে যান। বিয়ে করতে হলে প্রস্রাব পরীক্ষা করতে হবে এই বলে তাঁকে ধলাপাড়া স্বাস্থ্য উপকেন্দ্রে নিয়ে যান। সেখানে তাঁকে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। তারপর কী হলো তা বলতে পারছেন না সোবহান। ফেরার সময় তাঁর হাতে একটি নতুন লুঙ্গি ও ৫০ টাকা গুঁজে দেন ফাতেমা।সোবহানের বড় বোন তারা বানু বলেন, ‘আমার ভাই একটা চালকলে কাজ করে। সে একটু আধ-পাগলাগোছের মানুষ। তার হাতে লুঙ্গি আর ওষুধ না দেখলে আমরা এই কাহিনী জানতেই পারতাম না। ভাইয়ের জীবন তো শেষই। শুনলাম, হাসপাতাল থেকে ওরে যে এক হাজার টাকা দিছিল, তাও ফাতেমা রেখে দিয়েছে।’ বাবা সোহরাব আলী জানান, সাত বছর আগে সোবহানের প্রথম বিয়ে হয়। বুদ্ধি কম বলে বউ রাগ করে চলে গেছে। সেই ঘরে শরিফ নামে তার পাঁচ বছরের একটা ছেলে আছে। সোবহানকে তাঁরা শিগগির বিয়ে করাবেন বলে ভাবছিলেন।শল্যচিকিৎসক আবদুর রহমান প্রথম আলোকে জানান, সোবহানকে ভ্যাসেকটমি (এনএসভি) করা হয়েছে। স্ত্রী ও দুই বাচ্চা থাকলে এ ধরনের স্থায়ী পদ্ধতি গ্রহণ করা যায়। স্ত্রী না থাকার পরও এ ঘটনাটি কীভাবে ঘটল জানতে চাইলে আবদুর রহমান বলেন, ‘আমি প্রেষণে ধলাপাড়া গিয়েছি অস্ত্রোপচার করতে।’ ধলাপাড়া স্বাস্থ্য উপকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিবারকল্যাণ কর্মকর্তা জহুরা বেগম বলেন, ‘ভর্তির সময় কোনো ব্যক্তি যদি মিথ্যা তথ্য দেয়, তাহলে আমাদের কী করার আছে।’ অভিযোগ সম্পর্কে ফাতেমা বেগম বলেন, ‘এটা আমার অপরাধ হয়েছে। টার্গেট পূরণের জন্য তাড়াহুড়া করে আমি এই কাজ করেছি।’ এক হাজার টাকা সম্পর্কে জানতে চাইলে ফাতেমা বলেন, ‘সোবহানের মাথা খারাপ বলে ওর হাতে টাকা দিইনি।’