প্রতিবন্ধীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল তরুণের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালি যাওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু ইতালি যাওয়া হলো না আর। একটি দুর্ঘটনা কেড়ে নিল সব। প্রতিবন্ধী এক তরুণকে বাঁচাতে গিয়ে সড়কের পাশে থাকা লোহার পাইপের সঙ্গে ধাক্কা লাগে রাজু আহমেদ ভূঁইয়ার মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু (২৬) নগরের ১৯ নম্বর ওয়ার্ডের রাজাপাড়ার বাসিন্দা ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী জালাল উদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি ছিলেন স্থানীয় পথিকৃৎ সমাজকল্যাণ পরিষদের সক্রিয় সদস্য।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের উত্তর পাশের সড়ক দিয়ে মোটরসাইকেলে করে এক বন্ধুর বাসায় যাচ্ছিলেন রাজু। এ সময় মোগলটুলী এলাকার প্রতিবন্ধী কামাল হোসেন খোকন (২৫) তাঁর যাত্রাপথে এলোমেলোভাবে ঘোরাঘুরি করছিলেন। তাঁকে বাঁচাতে গিয়ে সড়কের পাশে থাকা লোহার পাইপের সঙ্গে ধাক্কা লাগে রাজুর মোটরসাইকেলের। এতে ছিটকে পড়ে লোহার খুঁটির সঙ্গে লেগে তাঁর গলা কেটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজুর। প্রতিবন্ধী কামালও বাঁ হাত ও পায়ে আঘাত পান।
রাজুর বাবা জালাল উদ্দিন বলেন, তাঁর ছেলে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে টুকটাক ব্যবসা করতেন। ইতালি যাওয়ার জন্য তাঁর কাগজপত্র তৈরি হয়েছে। কিন্তু এর মধ্যেই ঘটল এ দুর্ঘটনা।
পথিকৃৎ সমাজকল্যাণ পরিষদের কয়েকজন সদস্য বলেন, দীর্ঘদিন ধরে ঈদগাহের সড়কের পাশে লোহার পাইপগুলো পড়ে আছে। এগুলো বিলবোর্ডের জন্য আনা হয়েছে। অথচ এখানে শিশুরা খেলতে আসে। পাশে চারটি বিদ্যালয় ও নগর উদ্যান রয়েছে। এ রকম গুরুত্বপূর্ণ স্থানে লোহার পাইপ ফেলে রাখাটা তাঁরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। বিষয়টি নজরে আনলে কুমিল্লা সিটি করপোরেশনের সচিব মো. হেলাল উদ্দিন বলেন, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।