প্রতিবন্ধীদের অঞ্চলভিত্তিক শুমারির বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাকশন এইড বাংলাদেশ ও ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) যৌথভাবে প্রতিবন্ধীদের নিয়ে একটি অঞ্চলভিত্তিক শুমারি কার্যক্রম পরিচালনা করেছে। এ শুমারিতে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় চার হাজার ৭৪০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এ উপজেলার মোট জনসংখ্যা হচ্ছে দুই লাখ ৩৭ হাজার।
শুমারিতে প্রাপ্ত তথ্য নিয়ে উপজেলাটির প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থসামাজিক অবস্থার পাশাপাশি তাঁদের ছবিসংবলিত একটি অনলাইন ডেটাবেইস তৈরি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এই দুটি সংগঠন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে চাঁদপুর-৫ আসনের সাংসদ এবং মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মেজর (অব.) রফিকুল আলম এবং অন্য অতিথিরা অনলাইন ডেটাবেইসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সম্প্রতি সরকার দেশব্যাপী প্রতিবন্ধীদের নিয়ে একটি জরিপ চালাচ্ছে। গণমাধ্যমের পক্ষ থেকে এ সময় এ ধরনের একটি শুমারি পরিচালনা করার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে রফিকুল আলম বলেন, ‘আমার এলাকার প্রতিবন্ধীদের দেখে তাদের সঠিক সংখ্যা জানার কৌতূহল হয়। তারপর বিভিন্ন সংগঠনকে বিষয়টি জানালে কেউ উৎসাহী হয়নি। অবশেষে অ্যাকশন এইড ও ইপসা এতে রাজি হয়। সরকার সম্প্রতি জরিপের কাজ শুরু করেছে। আর অঞ্চলভিত্তিক এ শুমারির কাজ শুরু হয়েছে ২০০৯ সালের মাঝামাঝি সময়ে।’
‘মূলধারার উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অঞ্চলভিত্তিক শুমারি’ শীর্ষক সংবাদ সম্মেলনে সরকার দেশব্যাপী বর্তমানে যে প্রতিবন্ধী জরিপ চালাচ্ছে তা যেন সঠিক তথ্যনির্ভর হয় সে প্রত্যাশা ব্যক্ত করেন আলোচকেরা।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারবিষয়ক জাতিসংঘ কমিটির সাবেক সদস্য দৃষ্টিপ্রতিবন্ধী মনসুর আহমেদ চৌধুরী বলেন, ‘আমি একজন সক্রিয় প্রতিবন্ধী নাগরিক। তার পরও ২০০১ এবং ২০১১ সালে সরকার যে আদমশুমারি করেছে তাতে আমি অন্তর্ভুক্ত হতে পারিনি। তৃণমূলের অন্যদের অবস্থান কেমন তা আর বলার অপেক্ষা রাখে না।’
সংবাদ সম্মেলনে আলোচকেরা বলেন, মূলধারার উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে অঞ্চলভিত্তিক শুমারির বিকল্প নেই।
অ্যাকশন এইড বাংলাদেশের দেশীয় পরিচালক ফারাহ কবীর বলেন, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদের যাবতীয় তথ্য অনলাইন ডেটাবেইসে সংরক্ষণ করা হয়েছে। এর মধ্য দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে সরকারি অথবা অন্যান্য সংগঠনের জন্য সহায়ক হবে।