প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান রাষ্ট্রপতির
প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। খবর বাসসের।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বুধবার এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি। ২৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ১৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আবদুল হামিদ বলেন, ‘প্রতিবন্ধীরা করুণা চায় না, অধিকার চায়; চায় মর্যাদা। আমাদের সম্মিলিতভাবে তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে।...অবহেলা নয়, বরং ভালোবাসার পাশাপাশি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিতে হবে।’
রাষ্ট্রপতি বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিরা এ সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। জন্মগত ত্রুটি বা অন্যান্য নানা কারণে তারা সাধারণ মানুষ থেকে কিছুটা আলাদা। তবে বিশেষ যত্ন, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে পারলে তারাও দেশের দক্ষ মানবসম্পদে পরিণত হবে। সমন্বিত সরকারি ও বেসরকারি উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।’
আবদুল হামিদ বলেন, বাংলাদেশের সংবিধান সবার জন্য সমতা ও সামাজিক সুবিচার নিশ্চিত করেছে এবং সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য, বিনোদনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, সরকার অটিস্টিক শিশুদের কল্যাণে দেশে একটি ‘অটিস্টিক একাডেমি’ স্থাপনের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সাধারণ বিদ্যালয়গুলোতে সার্বিক শিক্ষা সংযোজন করা হচ্ছে এবং ৬৪টি জেলাতেই দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিশেষ শিক্ষা কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবীর ও জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি মো. সাইদুল হক বক্তৃতা করেন। আলোচনা শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত ‘প্রতিবন্ধিতা উন্নয়ন মেলা’র উদ্বোধন ঘোষণা করেন।