প্রতিবন্ধীদের অধিকার রক্ষা আইন দ্রুত পাসের আহ্বান
দৃষ্টিপ্রতিবন্ধীদের নিরাপত্তা ও স্বাধীনতার প্রতীক হচ্ছে সাদাছড়ি। গতকাল শনিবার দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রতি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজসেবা অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এবং জাতীয় প্রতিবন্ধী ফোরাম দিবসটি উপলক্ষে গতকাল এসব কর্মসূচির আয়োজন করে। সরকারি-বেসরকারি এসব সংগঠনের উদ্যোগে গতকাল বিকেলে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সমাজসেবা অধিদপ্তর ভবনের সামনে গিয়ে শেষ হয়। এতে দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশাপাশি দৃষ্টিসম্পন্ন ব্যক্তিরাও অংশ নেন। এরপর সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। আলোচনায় বক্তারা আগামী এপ্রিল মাসে জাতীয় প্রতিবন্ধী দিবসের আগেই সব ধরনের প্রতিবন্ধীদের অধিকার রক্ষার উদ্দেশ্যে তৈরি খসড়া আইনটি জাতীয় সংসদে পাস করার জন্য সরকারের কাছে আহ্বান জানান। প্রতিবন্ধীদের দেখভালের বিষয়টি শুধু সমাজকল্যাণ মন্ত্রণালয় নয়, সব মন্ত্রণালয় যাতে দেখে সে জন্য সরকারের কার্যবিধি (রুলস অব বিজনেস) দ্রুত সংশোধনেরও দাবি জানান তাঁরা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবীর। সভায় মূল প্রবন্ধ পড়েন এনজিও ভিপেসর সভাপতি মোশাররফ হোসেন মজুমদার। আলোচনায় অংশ নেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) মো. হোসেন মোল্লা, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব শেখ মফিজুল ইসলাম, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলম প্রমুখ। সভা শেষে সারা দেশের ২৮টি সংগঠনের দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে বিতরণের জন্য ২০০টি সাদাছড়ি হস্তান্তর করা হয়। শেষে কিংবদন্তি মিডিয়ার ব্যবস্থাপনায় প্রতিবন্ধী শিল্পীদের পরিবেশনায় ‘অন্য আলোর গান’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।