প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করার ঘোষণা ১০ মুক্তিযোদ্ধার
মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রামের প্রতিবন্ধীদের মেধার বিকাশ, সেবা প্রদান ও উন্নয়নে কাজ করার ঘোষণা দিয়েছেন জেলার ১০ মুক্তিযোদ্ধা। প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করা বেসরকারি সংগঠন ফ্রেন্ডলি সেন্টার ফর স্পেশাল নিড পারসন আয়োজিত এক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা এ ঘোষণা দেন। ‘করুণা কিংবা মানবিকতা নয়, আসুন আত্মার সম্পর্ক গড়ে তুলি’ স্লোগান সামনে রেখে গতকাল শুক্রবার আটিগ্রাম ইউনিয়নের সোনারগাঁ স্কুল মাঠে বিজয় দিবস উদ্যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ১০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন আবদুল ওহাব, মো. রফিকুল ইসলাম, মো. আবুল হোসেন, মো. সোনা মিয়া, মো. সাহেব আলী, মো. মাঈন উদ্দিন, মো. চাঁন মিয়া, ঈমান আলী, বোরহান উদ্দিন ও আবদুল লতিফ। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি খালেদ হোসাইন ও মুক্তিযোদ্ধারা উপস্থিত একজন প্রতিবন্ধীকে হুইলচেয়ারসহ অর্ধশতাধিক প্রতিবন্ধীকে শিক্ষার বিভিন্ন উপকরণ দেন। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অনিরুদ্ধ কাহালী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক লোপামুদ্রা, আটিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর এ আলম, ফ্রেন্ডলি সেন্টার ফর স্পেশাল নিড পারসনের আহ্বায়ক রবিউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।