প্রতিবন্ধীদের কল্যাণে সরকার সবকিছুই করবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধীরা বোঝা নয়, মূল্যবান সম্পদ। তাঁর সরকার তাদের কল্যাণে প্রয়োজনীয় সবকিছুই করবে। তিনি বলেন, শারীরিকভাবে প্রতিবন্ধী, বিশেষ করে অটিস্টিক শিশুরা কোনোভাবেই বোঝা নয়; বরং তারা দেশের মূল্যবান সম্পদ। এ জন্য তাদের সুপ্ত প্রতিভা বিকাশে তাঁর সরকার প্রয়োজনীয় সবকিছু করবে। প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার ষষ্ঠ বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৩ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন। খবর বাসসের।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজসেবা অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও জাতীয় প্রতিবন্ধী ফোরাম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও সচিব রণজিত্ কুমার বিশ্বাস বক্তব্য দেন। শেখ হাসিনা শারীরিক প্রতিবন্ধীদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘প্রতিবন্ধীদের প্রতি আমাদের আরও মনোযোগী ও সহানুভূতিশীল হতে হবে। শারীরিক প্রতিবন্ধীরা এ সমাজেরই অংশ।’অনেক প্রতিবন্ধী ব্যক্তি বিশ্বখ্যাত হয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিবন্ধী শিশুরা যথাযথ সহানুভূতি, সেবা ও পৃষ্ঠপোষকতা পেলে নিজেদের বিশ্বমানে উন্নীত করতে সক্ষম হবে।’শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে ইতিমধ্যে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী অর্থবছরে এর কাজ শুরু হবে। পরে প্রধানমন্ত্রী প্রতিবন্ধী শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মকাণ্ডের একটি প্রামাণ্যচিত্র দেখেন এবং অটিস্টিক শিশুদের পরিচালিত একটি বর্ণাঢ্য অনুষ্ঠান উপভোগ করেন।