প্রতিবন্ধী জনগোষ্ঠীর বেশির ভাগই স্বাস্থ্যসেবার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কারণ, বিদ্যমান চিকিৎসাকেন্দ্রগুলোর বেশির ভাগই প্রতিবন্ধীদের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করে থাকে।‘প্রতিবন্ধী জনগোষ্ঠীর জরুরি চিকিৎসা সেবাপ্রাপ্তি একটি মৌলিক অধিকার’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এই অভিযোগ করেন। গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডির রাশিয়ান সেন্টার অব সায়েন্স অ্য্যান্ড কালচারে ওই সভা অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী শিশু-কিশোরদের বিশেষ শিক্ষাকেন্দ্র কেয়ারিং গ্লোরি এর আয়োজন করে।সভায় দুজন প্রতিবন্ধী সন্তানের অভিভাবক আফছারী মহল ও রেহেনা বেগম তাঁদের সন্তান কীভাবে হাসপাতালের জরুরি চিকিৎসাসেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন, সেই মর্মস্পর্শী অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় তাঁরা কান্নায় ভেঙে পড়েন। আফছারী মহল বলেন, প্রতিবন্ধী মেয়ের চিকিৎসার জন্য রাজধানীর দুটি অভিজাত হাসপাতালে তিনি যোগাযোগ করেন। একটি হাসপাতাল রোগী প্রতিবন্ধী হওয়ায় ভর্তি করতে চায়নি। আরেকটি হাসপাতাল পাঁচ ঘণ্টা ধরে চেষ্টা-তদবিরের পর রোগী ভর্তি করে। কিন্তু বিলম্বে ভর্তির পরপরই মেয়েটি মারা যায়।রেহেনা বেগম বলেন, দুর্ঘটনায় তাঁর প্রতিবন্ধী সন্তানের হাত কেটে গেলেও হাসপাতালে চিকিৎসা পাননি।আলোচনা সভায় বক্তারা প্রতিবন্ধীদের চিকিৎসা-সুবিধা নিশ্চিত করার জন্য আওয়াজ তুলতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, রোগী যদি প্রতিবন্ধী হয়, তাহলে চিকিৎসাকেন্দ্রগুলো প্রথমেই অনীহা দেখিয়ে থাকে। যেকোনো সমস্যা নিয়ে প্রতিবন্ধীরা ভর্তি হলেই হাসপাতাল থেকে প্রথমেই বলা হয় মানসিক হাসপাতালে যোগাযোগ করতে।অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস বলেন, সচিব হিসেবে নয়, একজন সমাজকর্মী হিসেবে এই আন্দোলনের সঙ্গে তিনি থাকবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে করণীয় ঠিক করার চেষ্টা করে যাবেন। স্বাগত বক্তব্যে কেয়ারিং গ্লোরির মহাসচিব আক্তারী আসফ স্বপ্না রেজা বলেন, সামাজিক ও মানসিক অনভ্যস্ততা, অজ্ঞতা, অসচেতনতা কিংবা দায়িত্ব বা দায়বদ্ধতার দুর্বল চিত্ত ইত্যাদি কারণে প্রতিবন্ধী জনগোষ্ঠী জরুরি চিকিৎসাসেবাপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। সভায় অন্যান্য বক্তা জানান, চিকিৎসাসেবা প্রাপ্তি প্রতিবন্ধী জনগোষ্ঠীর মৌলিক অধিকার এবং তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিশু বিকাশ ও নিউরোলজি বিশেষজ্ঞ আনিসা জাহান, চাইল্ড সাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ মুহিত, বিপাশা হায়াত ও সামিনা চৌধুরী সভায় বক্তৃতা করেন। উপস্থাপনা করেন মৌসুমী বড়ুয়া। আলোচনা শেষে কেয়ারিং গ্লোরি এবং অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বিশেষ শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।