প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সহযোগিতা পেলে সুযোগ পেলে তাঁরাও সমাজে অবদান রাখতে পারেন। সে জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। বিশ্বের অনেক বিজ্ঞানী, ঋষি প্রতিবন্ধী ছিলেন। তাঁরা প্রতিবিন্ধতাকে জয় করে সারা বিশ্বে সমাদৃত হয়েছেন। খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিবন্ধী ও হতদরিদ্র শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার এসব কথা বলেন।
গতকাল শুক্রবার সকালে উপজেলার বাঘাইছড়িমুখ এলাকায় প্রতিবন্ধীদের স্বেচ্ছাসেবী সংগঠন কনসার্ন সার্ভিসেস ফর ডিজঅ্যাবলড (সিএসডি) কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসডির সভাপতি কৃপারঞ্জন চাকমা। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) শামছুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, সাহিত্যিক অরুণ দাশগুপ্ত, তাপস হোড়, শিক্ষক আনন্দ মোহন চাকমা।