প্রতিবন্ধিতা সম্পর্কে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীদের স্পষ্ট ধারণা ও প্রশিক্ষণ না থাকায় পঞ্চম জাতীয় আদমশুমারি থেকে বাদ পড়েছে প্রতিবন্ধী ব্যক্তিরা। তাদের সঠিক পরিসংখ্যান পেতে তাই স্বতন্ত্র শুমারি প্রয়োজন। উন্নত বিশ্বে এ ধরনের শুমারির চল থাকলেও বাংলাদেশে কখনো করা হয়নি। গত বৃহস্পতিবার প্রতিবন্ধীদের জন্য স্বতন্ত্র শুমারির দাবি জানিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে ‘ন্যাশনাল অ্যালায়েন্স অব ডিজঅ্যাবল্ড পিপলস অর্গানাইজেশনস (ন্যাডপো)’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পড়ে শোনান ন্যাডপোর সভাপতি আবদুস সাত্তার। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাডপোর সহসভাপতি মো. আনোয়ার হোসেন, ইফতেখার হোসেন, মহাসচিব মো. জাহাঙ্গীর আলম, জাতীয় নির্বাহী পরিষদ ও জাতীয় পরিষদের সমন্বয়কারী শিরিন আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি।