প্রতিবন্ধীদের জন্য পৃথক খেলার মাঠ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পৃথক খেলার মাঠ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে তাদের নিয়ে কাজ করা কয়েকটি সংগঠন। আজ বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম পাশের সড়কে এক মানববন্ধন থেকে এ ধন্যবাদ জানানো হয়।
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই খেলার মাঠটির অবস্থান আসাদগেট সংলগ্ন মিরপুর সড়কের একপাশে জাতীয় সংসদ ভবনের পশ্চিমে।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট আয়োজিত মানববন্ধনে অংশ নেওয়া সংগঠনগুলো হলো হিউম্যান রাইটস ডিজ্যাবেলিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সুর ও সঙ্গীত চক্র, দৃষ্টিপ্রতিবন্ধী উন্নয়ন পরিষদ, ডিজ্যাবেলিটি ওয়েলফেয়ার সোসাইটি, সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অফ অটিস্টিক চিলড্রেন।
মানববন্ধনে ডব্লিউবিবি ট্রাস্টের সহকারী প্রকল্প কর্মকর্তা তালুকদার রিফাত পাশা বলেন, ‘প্রতিবন্ধীরা রাস্তার যে অংশ দিয়ে হাঁটবে, সেখানে টেকটাইল ব্লক বসানো, পদচারী-সেতু তৈরির সময় প্রতিবন্ধী ও হুইলচেয়ারে চলাচলকারীদের কথা বিবেচনা করা দরকার। প্রধানমন্ত্রীর উদ্যোগে এখন খেলার মাঠ হচ্ছে এ জন্য আমরা খুশি।’
ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী বলেন, ‘অনেক মা-বাবা তাঁদের সন্তানদের বের করতে চান কিন্তু পারেন না। সব জায়গায় প্রতিবন্ধীদের অবাধে প্রবেশগম্যতা থাকলে তা তাদের জন্য ভালো হবে। মাননীয় প্রধানমন্ত্রী এ উদ্যোগ নিয়েছেন। এ জন্য তাঁকে ধন্যবাদ জানাই।’
মানববন্ধনে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন, ২০১৩-এর ৩৪ নম্বর ধারা বাস্তবায়নের দাবি জানানো হয়।
‘প্রতিবন্ধীদের জন্য হচ্ছে উন্মুক্ত খেলার মাঠ’ শিরোনামে ১৬ জানুয়ারি প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনে বলা হয়, আগামী ছয় মাসের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের খেলার উপযোগী করে তৈরি করা হবে। প্রায় পাঁচ একর জায়গার এই মাঠে কোনো ধরনের স্থাপনা তৈরি করা হবে না। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে স্পিকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে মাঠের কাজ দ্রুত এগোচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এই মাঠের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। এই মাঠে অভিভাবকদের সঙ্গে কেবল প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিরা খেলাধুলা, শরীরচর্চা করবেন। প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত কোনো সংগঠনের টুর্নামেন্ট বা সংগঠনগুলো এই মাঠ ব্যবহারের সুযোগ পাবে না। এখানে কোনো প্রশিক্ষণের আয়োজনও করা যাবে না।