প্রতিবন্ধীদের জন্য প্রতিষ্ঠানগুলোর এক-তৃতীয়াংশ পদই শূন্য
সমাজসেবা অধিদপ্তরের আওতায় প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীর অনুমোদিত পদের এক-তৃতীয়াংশই শূন্য। চরম জনবল-স্বল্পতার কারণে প্রতিবন্ধীরা যথাযথ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।বিভিন্ন ধরনের প্রতিবন্ধীদের জন্য সমাজসেবা অধিদপ্তরের ৮৮টি প্রতিষ্ঠান রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এই প্রতিষ্ঠানগুলোর ৫৬৪টি অনুমোদিত পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ৩৮০ জন।প্রতিবন্ধীদের প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে থাকা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুমা আখতার প্রথম আলোকে বলেন, ভিন্ন চাহিদা থাকায় প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত প্রতিষ্ঠানে এক বা দুটি পদ শূন্য থাকলেও সমস্যার সৃষ্টি হয়। অন্যান্য প্রতিষ্ঠানে কাজ চালিয়ে নেওয়া যায়, কিন্তু এসব প্রতিষ্ঠানে রীতিমতো হিমশিম খেতে হয়।নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, উন্নয়ন প্রকল্পের আওতায় কিছু পদ ছাড়া ৭৫ শতাংশ শূন্য পদই দ্রুত পূরণ করা সম্ভব। এ কর্মকর্তার মতে, প্রতিবন্ধিতা সম্পর্কে অর্থ বা সংস্থাপন (বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়) মন্ত্রণালয়ের ‘পর্যাপ্ত ধারণা না থাকায়’ এ খাতের জনবল বেশি কাটছাঁট করা হয়।উল্লিখিত ৮৮টি প্রতিষ্ঠানে মোট এক হাজার ৩৯০ জন প্রতিবন্ধী ব্যক্তির থাকার ব্যবস্থা আছে। কিন্তু এগুলোতে নিবাসীর সংখ্যা আশানুরূপ নয়, যার অন্যতম কারণ জনবল তথা সেবার অভাব। জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ৫০টি আসন থাকলেও নিবাসী রয়েছেন ১৩ জন। ৮০ আসনের শারীরিক প্রতিবন্ধীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে নিবাসীর সংখ্যা ৫৫। প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়গুলোর উন্নয়ন প্রকল্পের আওতায় বাক-শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নয়টি হোস্টেলে আসন আছে ৪৫০টি। কিন্তু অবকাঠামো ও জনবল-স্বল্পতায় কার্যক্রমে ব্যাঘাত ঘটায় বর্তমানে এখানে থাকে মাত্র ১৭৩ জন।শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠানের অবস্থা: শারীরিক প্রতিবন্ধীদের চারটি প্রশিক্ষণকেন্দ্রে (পিএইচটিসি সেন্টার) দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধীরা আবাসিক সুবিধাসহ পড়ার সুযোগ পায়। দেশের চারটি কেন্দ্রের ১৩৩টি পদের মধ্যে ৫৮টিই শূন্য।চট্টগ্রাম পিএইচটিসি সেন্টারের দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধীদের জন্য ১১ জন শিক্ষক থাকার কথা। আছেন তিনজন। এ অবস্থা চলছে অনেক দিন ধরে।পিএসটিসি ঢাকার বধিরদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান প্রথম আলোকে জানান, বিদ্যালয়টিতে রাজস্ব খাতে দুজন শিক্ষকের পদ থাকলেও দুটিই শূন্য। গত বছর একজন অবসরে গেছেন। অন্যজনকেও গত বছরই বদলি করা হয়েছে। জোড়াতালি দিয়ে কাজ চালাতে হচ্ছে।৬৪ জেলার ৬৪টি সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষাকার্যক্রমে ১৭৪টি পদের মধ্যে ৬৬টি শূন্য। সরকারি মূক ও বধির (বাক-শ্রবণপ্রতিবন্ধী) বিদ্যালয় আছে তিনটি। এতে ৫৬টি অনুমোদিত পদে কর্মরত আছেন মাত্র ২৯ জন। চাঁদপুর সরকারি মূক ও বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচ্ছন্নতাকর্মী, হাউসপ্যারেন্ট, পিয়নসহ সাতটি পদ দীর্ঘদিন ধরে শূন্য। সমাজসেবা কর্মকর্তা ফেরদৌস আক্তার এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন ২০০৯ সাল থেকে। প্রতিষ্ঠান কীভাবে চলছে, জানতে চাইলে ফেরদৌস আক্তার প্রথম আলোকে বলেন, চলছে বা চালাতে হচ্ছে।ফরিদপুর মূক ও বধির বিদ্যালয়ে রাজস্ব খাতে মোট অনুমোদিত ১৩টি পদের মধ্যে দুটি হাউসপ্যারেন্ট, দুটি শিক্ষক ও নৈশপ্রহরীর পদ শূন্য। উন্নয়ন প্রকল্পের আওতায় আটটি অনুমোদিত পদের মধ্যে শিক্ষকসহ চারটি পদ শূন্য। প্রধান শিক্ষক মো. আলী হায়দার ভূঁইয়া বলেন, ধর্ম, শরীরচর্চা, কারিগরি শিক্ষকসহ উন্নয়ন প্রকল্পের শিক্ষক দিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে।সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রতিষ্ঠান) মো. জুলফিকার হায়দার প্রথম আলোকে বলেন, জনবলশূন্য থাকায় যে মানের সেবা দেওয়ার কথা, তা দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে প্রতিবন্ধী জনগোষ্ঠী যথাযথ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।