প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ বাজেটও 'প্রতিবন্ধী'

প্রতিবন্ধী মানুষদের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা বাজেটও ‘প্রতিবন্ধী’ বলে মন্তব্য করেছেন জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সভাপতি আব্দুল হাই মণ্ডল। প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করে স্বাবলম্বী করে গড়ে তোলার কথাও বলেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলো আয়োজিত ‘প্রতিবন্ধীবান্ধব জাতীয় বাজেট ২০১৫-১৬’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি। গোলটেবিল বৈঠকটি আয়োজনে সহায়তা করে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও ডিজঅ্যাবিলিটি রাইটস অ্যাডভোকেসি ফান্ড। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এ গোলটেবিল বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সি এম তোফায়েল সামি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতার বিষয়টিতে গুরুত্ব দেন। তিনি প্রতিবন্ধী শিশুদের অভিভাবকদের দিকেও নজর দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। বৈঠকে প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তিদের মাধ্যমে পরিচালিত এবং প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অর্থ এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, এবারে প্রাক বাজেট আলোচনা অনুযায়ী প্রতিবন্ধীদের ভাতার আকার এবং পরিমাণ বাড়ানো হবে। তিনি বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীদের অধিকার ও উন্নয়নের বিষয়ে চিন্তা চেতনায় সরকারের কোনো ঘাটতি নেই। তবে বাজেট বরাদ্দে ঘাটতি আছে।
আলোচনায় প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে বাজেট বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অধিকারের বিষয়টি প্রাধান্য পায়। প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান এবং প্রবেশগম্যতার দিকে সরকারকে নজর দেওয়ার আহ্বান জানানো হয়। সরকারের ১৯৬৪ সালের রুলস অব বিজনেস পরিবর্তনের দাবি তোলা হয়। কেননা এ রুলস অব বিজনেসের অজুহাতে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য সব কিছুর দায় চাপানো হচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঘাড়ে। অন্যান্য মন্ত্রণালয় প্রতিবন্ধীদের জন্য কিছু করাকে বাড়তি বোঝা মনে করছে। অনুদান, ভাতা এবং সামাজিক নিরাপত্তা বলয়ের আওতা থেকে বেরিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মূলধারার উন্নয়ন বাজেটে বরাদ্দের দাবি তোলেন বক্তারা।
এম এ মান্নান বৈঠকের সমাপনী বক্তব্যে বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নামের মধ্যেই দায়িত্বের চাইতে কল্যাণের বিষয়টি বেশি প্রাধান্য পেয়েছে। যা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নেতিবাচক। সরকারের রুলস অব বিজনেস পরিবর্তন করতে গেলে বেশ কিছু কাজ করতে হবে। তবে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। এ ছাড়া ২০১৩ সালের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারবিষয়ক আইনটি বাস্তবায়নে বাজেট বরাদ্দের বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্তকরণ করা সম্ভব বলেও মন্তব্য করেন এম এ মান্নান। বৈঠকের আলোচনায় কয়েকজন বক্তা প্রতিবন্ধীদের ভাতা দিয়ে ভাতা নির্ভর করে ফেলা হচ্ছে বলে উল্লেখ করেন। তবে এ ক্ষেত্রে প্রতিমন্ত্রী বলেন, অনেক প্রতিবন্ধী ভাতা পাচ্ছে বলেই বাবা-মা তাকে দেখছে। অনেক জায়গায় পুরো পরিবার ভাতার ওপরেই বেঁচে আছে বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি এম মির্জা আজিজুল ইসলাম বলেন, সদিচ্ছা থাকলে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায়ে অন্যান্য মন্ত্রণালয় সম্পৃক্ত হতে পারে। প্রতিবন্ধীদের উন্নয়নে প্রকল্প এবং ভাতা লাগবে। তবে প্রকল্প শেষে তা যাতে রাজস্ব বাজেটে অন্তর্ভুক্ত হয় তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিশ্চিত করতে হবে। কোনো প্রতিষ্ঠান যদি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করে তবে সেই প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়া যেতে পারে।
গোলটেবিল বৈঠকের মূল প্রবন্ধে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা বলেন, গত বছর বাজেট বরাদ্দে কিছুটা ব্যতিক্রম দেখা গেলেও মূলত সরকারের এ খাতের বরাদ্দ গতানুগতিক। তিনি প্রতিবন্ধীদের বিষয়ে গবেষণা খাতে বিশেষ বরাদ্দ দেওয়ার আহ্বান জানান।
প্রতিবন্ধীদের বাজেটও ‘প্রতিবন্ধী’
জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সভাপতি আব্দুল হাই মণ্ডল বলেন, ‘আমরা প্রতিবন্ধী মানুষ, আমাদের বাজেটও প্রতিবন্ধী। সরকারের একজন প্রতিবন্ধীদের প্রতিবন্ধী নয়, সুবর্ণ নাগরিক নামে ডাকার কথা বলেন। আমরা সুবর্ণ নাগরিক হলে বাজেটও সুবর্ণ হতে হবে।’ তিনি বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলোচনা করলেও প্রতিবন্ধীদের সমস্যার কথা বলে শেষ করা যাবে না। প্রতিবন্ধী শিশুরা যদি স্কুলেই যেতে না পারে, শিক্ষার সুযোগই যদি না পায় তবে ভাতারও প্রয়োজন নেই। প্রতিবন্ধীরা ভাতা নিয়ে বাঁচতে চায় না। আজকের বাজারে এক হাজার টাকা পাইলেই বা কি আসে যায়। প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে।
প্রতিবন্ধীবিষয়ক মানবাধিকার কর্মী দৃষ্টি প্রতিবন্ধী মনসুর আহমেদ চৌধুরী বক্তব্যের শুরুতেই সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। ভোটের দিন নির্বাচন কমিশন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারির সময় প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টি বিবেচনায় নেয়নি। তিনি বলেন, ‘আমি কর দিই। আমার ভোটাধিকার প্রয়োগের বিষয়টি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।’ প্রতিবন্ধীদের জন্য যে ভাতা বরাদ্দ আছে তার কতটুকু প্রতিবন্ধীরা পাচ্ছে সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সেন্টার ফর সার্ভিস ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটির নির্বাহী পরিচালক শারীরিক প্রতিবন্ধী খন্দকার জহুরুল আলম বলেন, ২০১৫ সালে এসেও রুলস অব বিজনেস পরিবর্তন হয়নি। আইন, নীতি ও সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে রুলস অব বিজনেসের পরিবর্তন করতে হবে। তিনি দেশে প্রতিবন্ধী জনগোষ্ঠীর আসল সংখ্যা জানার জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে একটি শুমারি করারও আহ্বান জানান।
ডিজেবল রিহাবিলিটেশন রিসার্চ অ্যাসোসিয়েশনের (ডিআরআরএ) নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন বলেন, কোনো প্রতিবন্ধীর জন্য ভাতা আর কার জন্য বিনিয়োগ প্রয়োজন তা যাচাই করতে হবে। প্রতিবন্ধী শিশুদের শুধু শিক্ষা উপবৃত্তি দিলেই হবে না, সুনির্দিষ্ট কৌশলও নিতে হবে।
সুইড বাংলাদেশের সভাপতি ৪০ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ের বাবা জওয়াহেরুল ইসলাম তাঁর অভিজ্ঞতা ও সংগ্রামের কথা তুলে ধরে বলেন, এ ধরনের প্রতিবন্ধীরা এমনিতেই স্বাভাবিক। তবে তাদের প্রয়োজনটাই তারা বুঝতে পারে না। তাই স্নায়বিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ নজর দিতে হবে। ক্রীড়া এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রতিবন্ধী ব্যক্তির জন্য বিশেষ বরাদ্দের বিষয়টিতে গুরুত্ব দেন তিনি।
সোসাইটি অফ দি ডেফ সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্সের চেয়ারম্যান বাক-শ্রবণ প্রতিবন্ধী ওসমান খালেদ ওই সংগঠনের ইশারা ভাষায় দোভাষী তানজিলা তারতুসীর সহায়তায় বক্তব্য দেন। তিনি এসএসসির পর বাক-শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়াশোনার ব্যবস্থা করা এবং প্রশিক্ষিত শিক্ষকের বিষয়টিতে গুরুত্ব দেন।
প্রতিবন্ধী নারী উন্নয়ন ফাউন্ডেশনের আশরাফুন্নাহার তাঁর হুইল চেয়ারে বহন করা জীবনের প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের ভবনে প্রবেশগম্যতার অভাবে তাঁর পড়া হয়নি। বাক-শ্রবণ প্রতিবন্ধী নারীরা নির্যাতনের শিকার হওয়ার পর দোভাষীর অভাবে আদালতে সুবিচার প্রাপ্তিতে বাধাগ্রস্ত হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, আমরা উন্নয়নের অংশীদার হতে চাই।
ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) প্রোগ্রাম ব্যবস্থাপক ভাস্কর ভট্টাচার্য বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা যখন প্রযুক্তিকে কাজে লাগাতে পারবে তখনই ডিজিটাল বাংলাদেশ কার্যকর হবে। জন্ম থেকে দৃষ্টিপ্রতিবন্ধী ভাস্কর বলেন, ‘আমি কখনো নতুন বই পাইনি। ১০ বছর আগের পুরাতন বই পড়তাম। এখনো সব দৃষ্টিপ্রতিবন্ধী বই হাতে পাবে না, তা চলবে না।’ তিনি ডিজিটাল বই, ব্রেইল বইসহ বিভিন্ন খাতে কত বরাদ্দ দিলেই সবার হাতের নাগালে বই পৌঁছে দেওয়া সম্ভব তা তুলে ধরেন।
বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম প্রতিবন্ধী ব্যক্তিদের মাধ্যমে পরিচালিত সংগঠনগুলোর জন্য বিশেষ বরাদ্দের দাবি জানান।