প্রতিবন্ধীদের জন্য বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে প্রতিবন্ধীদের জন্য অন্য রকম করে তৈরি করা হয়েছে বাড়ি। বাড়িতে ঢোকার রাস্তা পাকা ও ঢালু। ঘরের ভেতর শৌচাগার ও আঙিনায় স্থাপিত নলকূপে যাওয়ার রাস্তাও ঢালু, যাতে প্রতিবন্ধীরা হুইল চেয়ারে বসে সহজেই যাতায়াত ও নিজের কাজ নিজেই করতে পারেন। এ রকম বাড়ি ও হুইল চেয়ার পেয়ে অনেকটা স্বাভাবিক জীবনের মতো দিন কাটাচ্ছেন প্রতিবন্ধীরা।ইউনিয়নের নাহিরখামার গ্রামের শারীরিক প্রতিবন্ধী কাজলরেখা (২৫) বলেন, ‘বিয়ের এক বছর পর মাটিতে পড়ে আমার দুটি পা অচল হয়ে যায়। এরপর স্বামী আমাকে আর ঘরে তুলে নেয়নি। ভাইয়ের অভাবের সংসারে বোঝা হয়ে ফিরে আসি।’ তিনি আরও বলেন, ‘অন্যের সহযোগিতা ছাড়া শৌচাগারে যাওয়া তো দূরের কথা, ঘর থেকে বের হতেও পারিনি। এখন আমি সবকিছু একাই করতে পারি। কারণ, আমি হুইলচেয়ার ও চেয়ারে বসে চলাচলের উপযোগী ঘর পেয়েছি। শুধু তা-ই নয়, বাড়ির উঠানে শাকসবজির চাষ, হাঁস-মুরগি পালন ও সেলাই মেশিনে কাজ করে প্রতি মাসে দেড় থেকে দুই হাজার টাকা আয় করছি।’পাশের কবিরাজটারি গ্রামের শারীরিক প্রতিবন্ধী রাশেদুল ইসলাম (২২) বলেন, ‘হামাগুড়ি দিয়ে ভিক্ষা করতাম। মানুষের সহযোগিতা ছাড়া কিছু করতে পারিনি। হুইল চেয়ার ও চেয়ারে বসে চলাচলের উপযোগী ঘর পাওয়ায় এখন অনেকটা স্বাভাবিক জীবন যাপন করছি। সেলাই মেশিন চালিয়ে প্রতিমাসে ৮০০ থেকে এক হাজার টাকা আয় করছি।’কাজল ও রাশেদুলের মতো বরুয়ারহাট গ্রামের শারীরিক প্রতিবন্ধী আনজুয়ারা খাতুন (১৮) ও পূর্ব বোয়ালি গ্রামের লাল মিয়াও (৩৫) স্বাবলম্বী হয়েছেন। শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম রুহুল আমিন বলেন, প্রতিবন্ধীদের পুনর্বাসনের এ উদ্যোগ ইউনিয়ন পরিষদের ওপর চাপ অনেকটা কমিয়ে দিয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৯ সালে শ্রীপুর ইউনিয়নের ছয়টি গ্রামের ১৮ জন প্রতিবন্ধীকে প্রতিবন্ধীবান্ধব দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় আনা হয়। প্রত্যেক প্রতিবন্ধীকে দেওয়া হয় ৯১ হাজার টাকা ব্যয়ে টিনের ঘর ও একটি করে হুইল চেয়ার। এ ছাড়া সেলাইয়ের প্রশিক্ষণ, ভেড়া ও হাঁস-মুরগি পালন, শাকসবজি চাষ, খাঁচায় মাছ চাষের ওপর প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য প্রত্যেককে ১৫ হাজার টাকা দেওয়া হয়। একই ইউনিয়নের আরও ৪২ জন প্রতিবন্ধীকে দেওয়া হয় ১৫ হাজার করে টাকা। আন্তর্জাতিক দাতা সংস্থা সিবিএমের (খ্রিস্টিয়ান ব্লাইন্ড মিশন) অর্থায়নে ঢাকার সিডিডি (সেন্টার ফর ডিজ অ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট) ও গাইবান্ধার গণ-উন্নয়নকেন্দ্র এই প্রকল্প বাস্তবায়ন করছে। কেন্দ্রের কর্মসূচি ব্যবস্থাপক এস কে মামুন বলেন, প্রকল্পটি প্রতিবন্ধীদের জন্য সুফল বয়ে এনেছে। সিডিডির প্রকল্প সমন্বয়ক ব্রজগোপাল সাহা বলেন, এটা পরীক্ষামূলক প্রকল্প। এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী সময়ে আরও প্রতিবন্ধীদের পুনর্বাসন করা হবে।