প্রতিবন্ধীদের জন্য যানবাহনে আসন বরাদ্দের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহনে প্রতিবন্ধীদের জন্য আসন বরাদ্দের দাবিতে দিনাজপুরে মানববন্ধন হয়েছে। বেসরকারি সংগঠন ‘মমতা পল্লী উন্নয়ন সংস্থা’ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গতকাল রোববার এ কর্মসূচির আয়োজন করে।
মমতা পল্লী উন্নয়ন সংস্থা ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে শহরের সুইহারি এলাকায় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়সংলগ্ন সড়কে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন দিনাজপুরের প্রকল্প ব্যবস্থাপক পরিমল হেমরম, কর্মকর্তা রতন দাস, বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল শাহ নেওয়াজ, দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক রেজাউর রহমান, উত্তরণ প্রতিবন্ধী সংস্থার আশরাফুল আলম, দিনাজপুর জেলা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী প্রমুখ।
মানববন্ধনে পরিমল হেমরম জানান, ২০১৩ সালের ৯ অক্টোবর প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন পাস হয়। তাতে বলা হয়, বাসে, ট্রেনে শতকরা পাঁচটি আসন প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ থাকবে। কিন্তু এর বাস্তবায়ন হয় না। ভবিষ্যতে প্রতিবন্ধীরা যাতে বাসে তাঁদের জন্য বরাদ্দ করা আসন পান, সে ব্যাপারে আন্তরিক হতে তিনি দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের প্রতি আহ্বান জানান।