প্রতিবন্ধীদের জন্য সংসদে আসন সংরক্ষণের দাবি
প্রতিবন্ধীদের অধিকার নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেছেন, সভা, আলোচনা ও আইন যতই হোক না কেন, যদি নীতিনির্ধারণে ভূমিকা না থাকে তবে প্রতিবন্ধীদের অধিকার অর্জন সম্ভব হবে না। কেননা, প্রতিবন্ধীদের বাস্তবতা কেবল তারাই ভালো করে উপলব্ধি করতে পারেন। তাই জাতীয় সংসদে প্রায় এক কোটি প্রতিবন্ধীর জন্য আসন সংরক্ষণের দাবি করেছেন তাঁরা।
‘একীভূত সমাজ গড়ার অঙ্গীকার পূরণে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন-২০১৩’ বিষয়ে গতকাল শনিবার এক গোলটেবিল আলোচনায় এই দাবি ওঠে। এর আয়োজক ছিল বেসরকারি সংগঠন এডিডি ইন্টারন্যাশনাল ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার।
গতকালের আলোচনার প্রধান অতিথি প্রবীণ আইনজীবী রফিক-উল হক বলেন, সংবিধান অনুসারে প্রতিবন্ধীদের প্রতি কেউ বৈষম্য করতে পারবে না। সংবিধানে তাদের সুরক্ষার ব্যবস্থা আছে। কিন্তু নীতিনির্ধারণে ভূমিকা না থাকলে প্রতিবন্ধীদের প্রতি বৈষম্য ঘুচবে না। এ জন্য সংসদে প্রতিবন্ধীদের জন্য সুনির্দিষ্ট আসন সংরক্ষণের প্রস্তাব দেন তিনি। তাঁর মতে, সরাসরি ভোটেও নির্বাচিত হতে পারেন প্রতিবন্ধীরা।
সমাজে প্রতিবন্ধীদের প্রতি অন্যায্য আচরণ যারা করে, তাদের ‘দৃষ্টিভঙ্গি প্রতিবন্ধী’ বলে আখ্যায়িত করেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। তিনি জাতীয় সংসদে প্রতিবন্ধীদের জন্য পাঁচটি আসন রাখার প্রস্তাব করেন।
তাঁর এই প্রস্তাবের পর প্রশ্ন ওঠে, এভাবে আসন সংরক্ষণ করতে হলে সংবিধান সংশোধন করতে হবে কি না।
এ প্রসঙ্গে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, যদি নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসনের ভেতর এক বা দুটি আসন যোগ্য প্রতিবন্ধী নারীদের জন্য রাখা হয়, তবে এর জন্য সংবিধান সংশোধনের দরকার নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য থাকলেই এটা সম্ভব।
বিশেষ গোষ্ঠীর জন্য সংসদে কোটা সংরক্ষণে ভারতীয় সংবিধানের উদাহরণ টেনে তিনি জানান, যদি কোনো খ্রিষ্টধর্মাবলম্বী লোকসভায় নির্বাচনে জয়ী হতে ব্যর্থ হন, তবে রাষ্ট্রপতির হাতে রাখা দুটি আসনে ওই ধর্মাবলম্বীরা জয়ী হতে পারেন। এভাবে বাংলাদেশে রাষ্ট্রপতির কাছে এক বা দুটি আসন সংরক্ষিত থাকতে পারে প্রতিবন্ধীদের জন্য। তবে এর জন্য সংবিধান সংশোধনের দরকার হবে।
গোলটেবিলের মূল ধারণাপত্রে এডিডির ক্যাপাসিটি বিল্ডিং ব্যবস্থাপক মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, বিশ্বব্যাংকের জরিপ অনুযায়ী বাংলাদেশে ২০০৩ সালে ৩৫ লাখ প্রতিবন্ধী শিশু ছিল। এখন এই সংখ্যা ৪৫ লাখ। কিন্তু প্রতিবন্ধী শিশুদের মধ্যে মাত্র ১৪ শতাংশ স্কুলে যাচ্ছে। একীভূত শিক্ষা এখনো সফলতার মুখ দেখেনি।
প্রতিবন্ধীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবার, সমাজ ও রাষ্ট্র সব স্তরেই থাকতে হবে বলে মনে করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান।
এডিডির প্রকল্প ব্যবস্থাপক এম নুরুন নবীর সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিন্নাত হুদা, প্রতিবন্ধী নারী জাতীয় পরিষদের সভাপতি নাসিমা আক্তার প্রমুখ। উপস্থিত ছিলেন ডেইলি স্টার—এর ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স সম্পাদক শাহেদুল আনাম খান।