প্রতিবন্ধীদের জন্য সংসদে আসন সংরক্ষণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংরক্ষিত নারী আসনের মতো জাতীয় সংসদে প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষণের দাবি জানিয়েছেন দেশের বিশিষ্টজনেরা। তবে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, এ দাবি অবাস্তব।‘বাংলাদেশে প্রতিবন্ধীদের নাগরিক ও রাজনৈতিক অধিকার’ শীর্ষক গোলটেবিল আলোচনায় গতকাল রোববার বক্তারা এসব অভিমত ব্যক্ত করেন। দ্য ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত এ আলোচনা সভা আয়োজন করে এডিডি ইন্টারন্যাশনাল ও দ্য ডেইলি স্টার।সভায় মূল প্রবন্ধ পাঠ করেন এডিডি ইন্টারন্যাশনালের এ দেশীয় পরিচালক মোশাররফ হোসেন। মূল প্রবন্ধ পাঠ করার ফাঁকে তিনি জাতীয় সংসদে প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষণ করার দাবি তোলেন।এরপর আলোচনায় অংশ নিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের জন্য সংসদে সংরক্ষিত আসনের দাবি অবাস্তব। তিনি বেসরকারি প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘প্রতিবন্ধীদের জন্য আপনারা কী করবেন, কীভাবে করবেন বা সরকারকে কীভাবে সাহায্য করবেন, পরিষ্কার করে বলেন। আপনাদের সেমিনারের বাইরে কিছু করতে দেখি না। সরকার প্রতিবন্ধীদের জন্য আইন পাস করতে যাচ্ছে। সরকার ছাড়া এ বিষয়ে কোনো কিছু করা সম্ভব নয়।’আইনজীবী সারা হোসেন মন্ত্রীর কথার প্রতিবাদ জানিয়ে বলেন, স্পিকার ও আইনমন্ত্রী নির্বাচিত নন। তার পরও তাঁরা সংসদের কার্যক্রমে অংশ নেন। প্রতিবন্ধীদের সংরক্ষিত আসনের জন্য সংবিধান সংশোধন করতে হবে না। একটি আইন পাস করলেই চলবে।সারা হোসেনের বক্তব্যের জবাবে সমাজকল্যাণমন্ত্রী বলেন, এভাবে করলে প্রতিবন্ধীদের করুণা করা হবে। জবাবে সারা হোসেন বলেন, বিসিএসের চাকরিতে কোটা থাকলে সংসদে কেন নয়?সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনের পরিবর্তে নারীদের জন্য ৪৫টি ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পাঁচটি আসন রাখা যায়। জনসচেতনতা তৈরির জন্য স্থানীয় পর্যায়ের নির্বাচনে প্রতিবন্ধীদের প্রার্থিতা নিশ্চিত করা যেতে পারে।প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘প্রতিবন্ধীদের বিষয়ে আমাদের সবার মানসিকতার পরিবর্তন করতে হবে। সবার সম্মিলিত অংশগ্রহণ ছাড়া এ বিষয়ে কিছু করা যাবে না। দেশে প্রতিবন্ধীদের সংখ্যা কত, তা জানানোর দায়িত্ব সরকারের। অথচ মন্ত্রী মহোদয় আমাদের কাছে জানতে চাচ্ছেন।’ সিআরপির পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘সরকার ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কোনো কাজ করা সম্ভব নয়, এটা পুরোপুরি ঠিক নয়। আমরা রানা প্লাজার দুর্ঘটনায় পঙ্গু হওয়া ২৪৫ জন পোশাকশ্রমিকের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করছি।’ প্রতিবন্ধী দিনা আক্তার বলেন, ‘সবার অংশগ্রহণ ছাড়া সরকার কীভাবে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করবে? আমাদের দেওয়া ভোটে উনারা নির্বাচিত হন। অথচ আমাদের কথা ভাবেন না।’ আলোচনা সভায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সাংসদ সানজিদা খানম, ডিএফআইডির তাসনিম সিদ্দিক, এডিডি ইন্টারন্যাশনালের প্রোগ্রাম-প্রধান ক্যারেন ডি প্রমুখ।