প্রতিবন্ধীদের জন্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বর্তমান সরকার সংবিধানের প্রতি অনুগত সরকার। যার ফলেই প্রতিবন্ধীসহ সব মানুষের বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’ গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারার সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত করার জন্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।
ইউরোপীয় ইউনিয়ন ও সাইটসেভারসের সহায়তায় ইনস্টিটিউট অব কমিউনিকেশন স্টাডিজ (আইসিএস) দেশে প্রথমবারের মতো শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিচ্ছে। অনুষ্ঠানে তিনটি সংগঠন ও সংস্থার প্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের নীতিনির্ধারণী পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
প্রতিবন্ধীদের মধ্যে একটি বেসরকারি টেলিভিশনের সহকারী অনুষ্ঠান প্রযোজক চাঁদের কণা, প্রতিবন্ধী মানুষের কণ্ঠস্বর হিসেবে বের হওয়া ত্রৈমাসিক পত্রিকা অপরাজেয়র সম্পাদক সাবরিনা সুলতানা, সুপ্রিম কোর্টের আইনজীবী মোশাররফ হোসেন মজুমদার, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি সাইদুল হক, দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলের ক্যাপ্টেন হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন। তাঁরা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের দ্রুত বাস্তবায়নের দাবি জানান।