প্রতিবন্ধীদের জন্য হচ্ছে উন্মুক্ত খেলার মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে এই মাঠ l প্রথম আলো
জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে এই মাঠ l প্রথম আলো

কালো সাইনবোর্ডে সাদা রঙে বড় করে লেখা, ‘শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উন্মুক্ত খেলার মাঠ’। প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত ব্যক্তিদের কাছে এই সাইনবোর্ডটি অনেক কিছু। কারণ, বাংলাদেশে প্রথমবারের মতো প্রতিবন্ধী ব্যক্তিরা একটি খেলার মাঠ পেতে যাচ্ছেন। তাঁদের জন্য এই মাঠ হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে।

সাইনবোর্ডটি মিরপুর সড়কের পাশে জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে (আসাদগেটসংলগ্ন) লাগানো হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের দেশের গুরুত্বপূর্ণ একটি জায়গায় খেলার সুযোগ দেওয়া হচ্ছে। জায়গাটি কয়েক দিন আগেও জঙ্গলে ভর্তি ছিল। এখন জঙ্গল পরিষ্কার করা হয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের নিয়ে কর্মরত ব্যক্তিরা জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে এ ধরনের একটি মাঠ হবে বলে অঙ্গীকার করেন। তারই ধারাবাহিকতায় এবার কাজ শুরু হচ্ছে। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের খেলার কোনো জায়গা নেই। অবশেষে দেশে প্রতিবন্ধীবান্ধব একটি খেলার মাঠ হতে যাচ্ছে, যা অত্যন্ত উৎসাহজনক।

সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, আগামী ছয় মাসের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিরা এই মাঠে খেলার সুযোগ পাবেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে স্পিকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে মাঠের কাজ দ্রুত এগোচ্ছে। প্রায় পাঁচ একর জায়গার এই মাঠে কোনো ধরনের স্থাপনা তৈরি করা হবে না। কেননা, জাতীয় সংসদ ভবনের মূল নকশার বাইরে এখানে কোনো কিছু করার সুযোগ নেই। মাঠটির ব্যবহার সম্পর্কে এখন পর্যন্ত চূড়ান্ত পরিকল্পনা হয়নি, তবে এই মাঠে অভিভাবকদের সঙ্গে সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তি খেলতে পারবেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এই মাঠের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কামরুন নাহার খানম জানালেন, গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি) জমি হস্তান্তর করে দিয়েছে। এখন দ্রুত কাজ চলছে। প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিরা খেলাধুলা, শরীরচর্চা করবেন। প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত কোনো সংগঠনের টুর্নামেন্ট বা সংগঠনগুলো কোনোভাবে এই মাঠ ব্যবহারের সুযোগ পাবে না। কোনো প্রশিক্ষণের আয়োজনও করা যাবে না। 

প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ (পিএনএসপি)-এর পরিচালক রফিক জামান বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার এখন বাস্তবায়নের পথে। এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী অবশ্যই ধন্যবাদ পেতে পারেন।