প্রতিবন্ধীদের ট্রেড ইউনিয়ন গঠন ও চর্চা নিয়ে সেমিনার

প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রেড ইউনিয়ন গঠন ও চর্চা বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে পল্লীমা সংসদের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের (ডিসিএফ) উদ্যোগে ও ডিজঅ্যাবিলিটি রাইটস ফান্ডের (ডিআরএফ) সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়। প্রতিবন্ধী শ্রমিকেরা এ সেমিনারে অংশ নেন। এতে বিভিন্ন শ্রমিক ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন পিএমএসএসের পরিচালক এস এম সাইফুর রহমান। প্রবন্ধে প্রতিবন্ধী পোশাক শ্রমিকদের জন্য বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। সুপারিশগুলোর মধ্যে রয়েছে, পোশাক কারখানায় শ্রমিকদের নিয়োগ-সংক্রান্ত নিজস্ব চাকরি বিধিকে প্রতিবন্ধীবান্ধব করা; শ্রম আইন ২০০৬ অনুযায়ী ছুটি সংক্রান্ত সুযোগসুবিধা নিশ্চিত করা; প্রতিবন্ধী শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে মানবিক বিষয় বিবেচনা করা; লে-অফের সময় অন্য শ্রমিকের পাশাপাশি প্রতিবন্ধী শ্রমিকদের মজুরি প্রদান নিশ্চিত করা প্রভৃতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি মো. হাফিজুর রহমান। সঞ্চালনা করেন ডিসিএফের নির্বাহী পরিচালক নাসরিন জাহান।